ফুকুশিমা থেকে দূষিত পানি ২ বছর ধরেই সাগরে মিশছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

জাপানের শিল্প মন্ত্রণালয় বলেছে, দুর্ঘটনাকবলিত ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্র থেকে তেজস্ক্রিয়তাদুষ্ট পানি দুই বছর ধরেই প্রশান্ত মহাসাগরে গিয়ে মিশছে। ফুকুশিমা থেকে প্রতিদিন আনুমানিক ৩০০ টন দূষিত পানি সাগরে মিশে যাচ্ছে।

ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্র পরিচালনাকারী প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) গতকাল বলেছে, সাগরে প্রতিদিন নির্গত দূষিত পানির সঠিক পরিমাণ নিশ্চিত করে জানানো সম্ভব নয়। দূষিত পানির পরিমাণ নিয়ে শিল্প মন্ত্রণালয়ের বক্তব্যের জবাবে গতকাল এ মন্তব্য করেন প্রতিষ্ঠানটির এক মুখপাত্র।

এদিকে প্রধানমন্ত্রী শিনজো আবে গতকাল বলেছেন, ফুকুশিমা বিদ্যুৎকেন্দ্রে তেজস্ক্রিয়া নির্গমন প্রতিরোধের জন্য ‘জরুরি’ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আবে বলেন, ফুকুশিমায় স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনার বিষয়টি সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করছে। বিশেষ করে, দূষিত পানি নির্গমনের বিষয়টি জনস্বার্থের সঙ্গে জড়িত। এটি নিয়ন্ত্রণের জন্য ‘দ্রুত ও স্থায়ী’ পদক্ষেপ নেওয়া হবে।

 দূষণ বন্ধ করার লক্ষ্যে জরুরি উদ্যোগ নিতে অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পরিচালনা প্রতিষ্ঠান টেপকো যাতে যথাযথভাবে পরিস্কারের কাজটি করে তা নিশ্চিত করতেও বলেন মন্ত্রীদেরকে। এ কাজে চল্লিশ বছরের বেশি সময় এবং ১১ শ কোটি ডলার লাগবে বলে মনে করা হচ্ছে।

ফুকুশিমা দাইচি পরমাণু বিদ্যুৎকেন্দ্রটি ২০১১ সালের মার্চে ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এটি সাম্প্রতিককালের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনা। এ ঘটনার পর জাপানসহ বিভিন্ন উন্নত দেশে পারমাণবিক বিদ্যুতের বিরুদ্ধে ব্যাপক জনমত সৃষ্টি হয়েছে। জাপানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রগুলো বন্ধ রাখা হয়েছে। তবে প্রধানমন্ত্রী আবের সরকার এখন ফুকুশিমার পরমাণু চুল্লিগুলো আবার চালু করতে আগ্রহী। রয়টার্স ও এএফপি।