ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিত্যক্ত হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লি ঠান্ডা করার লড়াইয়ে গতকাল রোববার কিছুটা অগ্রগতি হয়েছে বলে জানায় সে দেশের সরকার। তবে সরকারের প্রধান মুখপাত্র জানান, ওই কেন্দ্র সম্ভবত পরিত্যক্ত ঘোষণা করতে হবে।১১ মার্চের ভূমিকম্প ও সুনামিতে ক্ষতিগ্রস্ত ফুকিশিমা-১ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লিগুলো ঠান্ডা করতে দিনরাত কাজ করে যাচ্ছেন প্রায় ৩০০ প্রকৌশলী। এ ছাড়া ওই কেন্দ্রের কর্মীসহ পুলিশ, সেনা ও দমকল বাহিনীর কর্মীরাও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন চুল্লি ঠান্ডা করতে। একদিকে চলছে চুল্লির জলাধারে পানি সরবরাহের জন্য বসানো পাম্পগুলোতে বিদ্যুৎ সরবরাহের চেষ্টা, অন্যদিকে বিকল্প উপায়ে অবিরাম পানি ঢালা হচ্ছে চুল্লিতে।গত শনিবার দমকল বাহিনীর তিনটি গাড়ি থেকে ১৩ ঘণ্টায় প্রায় দুই হাজার টন পানি ঢালা হয়। কয়েক ঘণ্টা বিরতি দিয়ে গতকাল সকাল থেকে আবার পানি ঢালা শুরু হয়।একই সঙ্গে চুল্লির নিজস্ব শীতলীকরণ ব্যবস্থা চালু করার জন্য বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করে যাচ্ছেন প্রকৌশলীরা। কেন্দ্রের ১, ২, ৫ ও ৬ নম্বর চুল্লির সঙ্গে এরই মধ্যে বৈদ্যুতিক তার লাগানো সম্ভব হয়েছে। তবে বিদ্যুৎ দেওয়া গেলেও ক্ষতিগ্রস্ত পাম্প চালানো যাবে কি না, তা এখনো পরিষ্কার নয়।কেন্দ্রের পরিচালনা প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) গত শনিবার বলেছিল, ছয়টি চুল্লির মধ্যে ওই দিন দুটি ও রোববার আরও দুটি চুল্লিতে বিদ্যুতের সংযোগ দেওয়া সম্ভব হতে পারে। কিন্তু গতকাল পর্যন্ত একটি চুল্লিতেও তা দেওয়া যায়নি। তবে প্রতিষ্ঠানটি আশা করছে, শিগগির হয়তো বিদ্যুৎ দেওয়া যাবে।বিদ্যুতের মাধ্যমে শীতলীকরণ ব্যবস্থা চালু করা গেলে হয়তো বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পাওয়া যাবে। তা না হলে চুল্লিগুলো বালু ও কংক্রিট দিয়ে চাপা দেওয়া ছাড়া কোনো পথ থাকবে না।তবে গতকাল এক সংবাদ সম্মেলনে জাপানের মন্ত্রিপরিষদের উপ-মুখ্য সচিব তেতসুরো ফুকুয়ামা বলেন, ‘আমি মনে করি, ধীরে ধীরে পরিস্থিতির অগ্রগতি হচ্ছে।’তবে সরকারের প্রধান মুখপাত্র মন্ত্রিপরিষদের মুখ্য সচিব ইউকিয়ো এদানো আবার বলছেন ভিন্ন কথা। তাঁর মতে, ওই বিদ্যুৎকেন্দ্র পরিত্যক্ত ঘোষণা করতে হবে।এদানো গতকাল সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি দেখার জন্য সরকারের সুনির্দিষ্ট কর্তৃপক্ষ (পরমাণু নিরাপত্তা সংস্থা) আছে। কাজেই এ ব্যাপারে কথা বলা আমার জন্য কঠিন। তার পরও নিরপেক্ষ দৃষ্টিতে সবকিছু দেখে আমার মনে হচ্ছে, এই কেন্দ্র হয়তো আর চালানো যাবে না। আমার মনে হয়, আমি কী বলতে চাইছি, আপনারা বুঝেছেন।’এদানো জানান, ফুকুশিমা ও পাশের ইবারাকি জেলার কয়েকটি স্থান থেকে আবারও দুধ ও সবজি পরীক্ষা করে অস্বাভাবিক মাত্রায় তেজস্ক্রিয়তা পাওয়া গেছে। তবে তা মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রার চেয়ে অনেক কম।এদিকে গতকাল তাইওয়ান জানায়, জাপান থেকে আমদানি করা শিমে তেজস্ক্রিয়তা পাওয়া গেছে। শিমগুলো তাইওয়ানে পাঠানো হয়েছে জাপানের কাইয়ুশ দ্বীপের কাগোশিমা থেকে। ১১ মার্চের ভূমিকম্পের উৎপত্তিস্থল হনশু দ্বীপ থেকে কাগোশিমার দূরত্ব এক হাজার ১০০ কিলোমিটার। তবে শিমের চালানটি তাইওয়ানে গেছে টোকিওর নারিতা বিমানবন্দর হয়ে। তখনই শিমগুলো তেজস্ক্রিয়তার সংস্পর্শে আসে বলে ধারণা করা হচ্ছে।প্রাণহানি ও নিখোঁজের সংখ্যা ২০ হাজার: ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে প্রাণহানি ও নিখোঁজের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যেতে পারে। গতকাল জাতীয় পুলিশ সংস্থা এ আশঙ্কা ব্যক্ত করে।জাতীয় পুলিশ সংস্থা গতকাল জানায়, এ পর্যন্ত আট হাজার ১৩৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া সরকারি হিসাবে এখনো ১২ হাজার ২৭২ জন নিখোঁজ রয়েছে। ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিয়াগি এলাকা। এ এলাকায় চার হাজার ৮৮২ জনের প্রাণহানি ঘটেছে। তবে মিয়াগির পুলিশ প্রধান নাওতো তাকেউচি টাস্ক ফোর্সের এক বৈঠকে বলেন, শুধু এ এলাকাতেই প্রাণহানি ১৫ হাজার ছাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে আইওয়া দ্বিতীয় অবস্থানে রয়েছে। এ এলাকায় দুই হাজার ৫২৫ জনের প্রাণহানি ঘটেছে। এ ছাড়া ফুকুশিমায় আরো ৬৭০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর আগে ১৯৯৫ সালে জাপানের পশ্চিমাঞ্চলের বন্দর নগর কোবেতে ৭ দশমিক ২ মাত্রার এক ভূমিকম্পে ছয় হাজার ৪৩৪ জনের প্রাণহানি ঘটেছিল। এ ছাড়া ১৯২৩ সালে গ্রেট কান্তো ভূমিকম্পে এক লাখ ৪২ হাজারেরও বেশি লোকের মৃত্যু হয়েছিল। এএফপি।