ফুকুশিমা বিপর্যয়ের ফলে টুনা মাছে তেজস্ক্রিয়তা
যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ব্লুফিন (নীল পাখনা) টুনা মাছে তেজস্ক্রিয়তার উপস্থিতি শনাক্ত করা হয়েছে। জাপানের ফুকুশিমায় ভূমিকম্প ও সুনামিতে বিপর্যস্ত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লি থেকে নির্গত তেজস্ক্রিয় পদার্থ ওই মাছের শরীরে প্রবেশ করেছে বলে গত সোমবার প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়।প্রসিডিংস অব ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস সাময়িকীতে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, ফুকুশিমার পারমাণবিক চুল্লি থেকে নির্গত তেজস্ক্রিয়া প্রশান্ত মহাসাগরে গিয়ে মেশে। পরে তা টুনা মাছের শরীরে প্রবেশ করে বলে ধারণা করা হচ্ছে। তবে টুনা মাছ খাওয়া এখনো নিরাপদ বলে বিজ্ঞানীরা দাবি করেছেন।ভূমিকম্প ও সুনামির আঘাতে ফুকুশিমার দাইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র গত বছরের মার্চে মারাত্মক ক্ষতির শিকার হয়। প্রশান্ত মহাসাগরে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান দিয়াগো উপকূল থেকে গত বছরের আগস্টে আহরণ করা ১৫টি ব্লুফিন টুনা মাছের পেশির বিভিন্ন টিস্যু বিজ্ঞানীরা পরীক্ষা-নিরীক্ষা করেন। তাঁরা প্রতিটি মাছের শরীরে উচ্চমাত্রায় তেজস্ক্রিয়ার উপস্থিতি লক্ষ করেন। এসব মাছে তেজস্ক্রিয় মৌল সিজিয়াম-১৩৪ ও সিজিয়াম-১৩৭ পাওয়া গেছে বলে গবেষকেরা দাবি করেছেন। নিশ্চিত হওয়ার জন্য তাঁরা প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চল থেকে সংগৃহীত ইয়োলোফিন (হলুদ পাখনা) টুনা মাছ নিয়েও পরীক্ষা করেন। তবে এখন পর্যন্ত কেবল ব্লুফিন টুনা মাছেই তেজস্ক্রিয়ার অস্তিত্ব পাওয়া গেছে। ফুকুশিমা বিপর্যয়ের আগে বা পরে সংগৃহীত ইয়োলোফিন টুনা মাছে কোনো তেজস্ক্রিয়া ধরা পড়েনি। টুনাজাতীয় মাছের মধ্যে ব্লুফিন টুনার বিশেষ কদর রয়েছে। এটি বেশ দামি মাছ। প্রতিবছর হাজার হাজার টন ব্লুফিন ধরা হয়। এই মাছে তেজস্ক্রিয়া নিয়ে শঙ্কিত না হতে পরামর্শ দিয়েছেন বিজ্ঞানীরা। কারণ, এতে যে মাত্রার তেজস্ক্রিয়া রয়েছে, তা মানুষের জন্য ক্ষতিকর নয়।গবেষণা প্রতিবেদনটি লিখেছেন ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষক ড্যানিয়েল ম্যাডিগান ও নিউইয়র্কের স্টোনি ব্রুক ইউনিভার্সিটির দুই গবেষক জোফিয়া বোমান ও নিকোলাস ফিসার। এএফপি ও বিবিসি।