ফুকুশিমার দূষণ ৩ মাত্রার 'গুরুতর ঘটনা'

জাপানের পরমাণুবিষয়ক নজরদারি প্রতিষ্ঠান গতকাল বুধবার বলেছে, ফুকুশিমা বিদ্যুৎকেন্দ্রে বিষাক্ত পানি নির্গত হওয়ার ঘটনাকে আন্তর্জাতিক মানদণ্ডে লেভেল ৩ মাত্রার ‘গুরুতর ঘটনা’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। জাপানের নিউক্লিয়ার রেগুলেশন অথরিটি (এনআরএ) বলেছে, ভিয়েনাভিত্তিক আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে আলোচনার পর তারা এ সিদ্ধান্ত নিয়েছে।
মজুত ট্যাংক থেকে বিষাক্ত তরল নিঃসৃত হওয়ার ঘটনাকে এর আগে আন্তর্জাতিক পারমাণবিক ও তেজস্ক্রিয় ঘটনা মানদণ্ডে ১ মাত্রার গোলযোগ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। জাপানের শিল্পমন্ত্রী ফুকুশিমা কেন্দ্রের পরিচালনাকারী প্রতিষ্ঠানের তৎপরতাকে ‘চিকামারা খেলা’ আখ্যা দেওয়ার দুই দিন পর এ ঘটনাকে লেভেল ৩ মাত্রায় উন্নীত করার সিদ্ধান্ত এল। তোশিমিতসু মোতেগি দুর্ঘটনাকবলিত বিদ্যুৎকেন্দ্রটি সফরের পর গত সোমবার জানান, এখন থেকে সরকার এ ব্যাপারটি দেখবে। প্রধানমন্ত্রী শিনজো আবে শিল্প মন্ত্রণালয়কে এ ক্রমবর্ধমান সমস্যা মোকাবিলার দায়িত্ব দিয়েছেন।
ফুকুশিমা বিদ্যুৎকেন্দ্রের পরিচালনা প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) কেন্দ্রটিতে বিপুল পরিমাণ তেজস্ক্রিয়তাদুষ্ট পানি নির্গত হওয়ার সমস্যা মোকাবিলায় হিমশিম খাচ্ছে। গত মাসে টেপকো স্বীকার করে যে তেজস্ক্রিয়তাকেন্দ্রটির নিচের ভূগর্ভস্থ পানিতে পৌঁছেছে এবং তা মাটির নিচের বেড়া উপচে কাছের প্রশান্ত মহাসাগরের পানিতে মিশেছে। সিএনএন।