ফুকুশিমার ভয়াবহ জলনির্গমন ঠেকাতে ব্যবস্থা নেবে জাপান সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুকুশিমার ভয়াবহ দূষণ ঠেকাতে এবার টেপকোকে সহায়তা করতে মাঠে নামছে জাপান সরকার। ছবি: রয়টার্স
ফুকুশিমার ভয়াবহ দূষণ ঠেকাতে এবার টেপকোকে সহায়তা করতে মাঠে নামছে জাপান সরকার। ছবি: রয়টার্স

জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র থেকে তেজস্ক্রিয় জলনির্গমনে সৃষ্ট ভয়াবহ পরিবেশদূষণ ঠেকাতে শিগগির ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে।

বিবিসি বলছে, দেশটির সরকার গতকাল বুধবার স্বীকার করেছে যে, পারমাণবিক চুল্লির ফাটল গলে প্রতিদিন কমপক্ষে ৩০০ টন তেজস্ক্রিয় পানি সমুদ্রের জলে গিয়ে মিশছে। এর আগে দেশটির বিভিন্ন রাজনৈতিক ও পরিবেশবাদী সংগঠন চুল্লির এ ভয়াবহতা নিয়ে আপত্তি তুললেও সরকার ব্যাপারটি অস্বীকার করে আসছিল।

প্রধানমন্ত্রী শিনজো আবে গতকাল বুধবার বলেছেন, ফাটল বন্ধ করতে তাঁর সরকার ‘দৃঢ় পদক্ষেপ’ নেবে। এজন্য অন্যতম সুপারিশ হলো চুল্লির আশপাশের ভূমির পানি বরফে পরিণত করে দেওয়া।

২০১১ সালের ভূমিকম্প ও সুনামিতে এ পারমাণবিক বিদ্যুেকন্দ্রটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। গত কয়েক মাসে এটি থেকে তেজস্ক্রিয় জল নির্গমন ও এতে নিয়মিত বিদ্যুত্ সরবরাহে বিঘ্ন ঘটে।

আবে গতকাল বুধবার প্রতিবেদকদের বলেন, উত্পাদনকেন্দ্রটির দায়িত্বে থাকা ‘টোকিও ইলেকট্রিকের ওপর ভরসা না করে সরকার নিজেই পদক্ষেপ নেবে। ... এ জরুরি বিষয়টির সমাধান হওয়া উচিত।’

বিশ্বের বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠানকে আর্থিক পরামর্শ ও সেবাদানকারী প্রতিষ্ঠান সিএলএসএ এশিয়া প্যাসিফিকের টোকিও শাখার গবেষণা বিশ্লেষক পেন বাওয়ার্স বিবিসিকে বলেন, চুল্লিটি থেকে দূষণ ঠেকাতে সরকার সম্ভবত বড়সড় পদক্ষেপ নিতে চলেছে। তিনি বলেন, ‘সরকার প্রতিষ্ঠানটিতে বহুবার বিনিয়োগ করেছে, কিন্তু এবারই প্রথমবারের মতো সেটি সংস্কারের কাজে হাত দিতে যাচ্ছে।’

টোকিও ইলেকট্রিক কোম্পানি (টেপকো) বলছে, এখন পর্যন্ত কী পরিমাণ পানি প্রতিদিন নির্গত হচ্ছে, তার সঠিক কোনো হিসাব নেই। যা বলা হচ্ছে, তা অনুমান মাত্র।

ফুকুশিমার পারমাণবিক কেন্দ্রের চুল্লিগুলোকে ঠান্ডা করতে সাধারণত দৈনিক ৪০০ টন জল ঢেলে সেগুলোকে ঠান্ডা করা হয়। এ সময় এসব জল এত দূষিত হয়ে যায় যে, তা মানুষ ও যেকোনো প্রাণী ও উদ্ভিদের জন্য প্রাণঘাতী। সম্ভবত এ জলেরই একাংশ চুল্লির কোনো একটা ফাটল দিয়ে বাইরে বেরিয়ে আসছে।

সরকার চুল্লির চারধারের ভূমি জমিয়ে দিয়ে পরে সেটি কেটে চুল্লিটি ঘিরে দেওয়াল তৈরির পরিকল্পনা করছে। এতে হয়তো ভবিষ্যতের সমস্যা কাটানো যাবে। তবে এ কাজে ব্যয় হবে কমপক্ষে ৪০ কোটি ডলার (প্রায় তিন হাজার ১১০ কোটি টাকা)।