ফুকুশিমায় তেজস্ক্রিয় নিঃসরণ গুরুতর পর্যায়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে তেজস্ক্রিয় পানি নিঃসরণের মাত্রা ‘গুরুতর পর্যায়ে’ পৌঁছেছে। দেশটির সরকার গতকাল বুধবার এ ঘোষণা দেয়। ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের একটি ট্যাংক থেকে ৩০০ টন তেজস্ক্রিয়তাদুষ্ট পানি চুইয়ে পড়েছে। তা বন্ধ করার চেষ্টা চলছে। ২০১১ সালের মার্চে প্রচণ্ড ভূমিকম্পের কারণে সৃষ্ট সুনামিতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির চুল্লির শীতলীকরণব্যবস্থা বিধ্বস্ত হয়। বর্তমানে ফুকুশিমায় তেজস্ক্রিয় নিঃসরণের পরিমাণ আন্তর্জাতিক মানদণ্ড (ইন্টারন্যাশনাল নিউক্লিয়ার ইভেন্ট স্কেল) অনুযায়ী বিপজ্জনক মাত্রায় (লেভেল থ্রি) রয়েছে। স্কেলটিতে মোট সাতটি মাত্রা (লেভেল) রয়েছে। প্রথম তিনটি লেভেলকে উদ্বেগজনক ‘ঘটনা’ এবং পরবর্তী তিনটি লেভেলকে ‘দুর্ঘটনা’ হিসেবে চিহ্নিত করা হয়। জাপান এখন জাতিসংঘের আওতাধীন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) ফুকুশিমার অবস্থা সম্পর্কে জানাবে। ফুকুশিমার আরও ট্যাংক থেকে তেজস্ক্রিয় নিঃসরণ হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জাপানের পরমাণু নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রধান শুনিচি তানাকা টোকিওতে এক সভায় বলেন, ফুকুশিমার ঘটনা নিয়ে তাঁরা খুবই উদ্বিগ্ন। বর্তমান পরিস্থিতিতে নষ্ট করার মতো সময় একেবারেই নেই। এএফপি, রয়টার্স ও বিবিসি।