ফুটবল কোচ স্যান্ডাস্কি যৌন হয়রানির দায়ে দোষী সাব্যস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের পেন স্টেট ইউনিভার্সিটির ফুটবল দলের সাবেক কোচ জেরি স্যান্ডাস্কি শিশুদের যৌন হয়রানি করার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। তাঁর যাবজ্জীবন সাজা হতে পারে।পেনসিলভানিয়ার একটি আদালত স্যান্ডাস্কির বিরুদ্ধে ১৫ বছর ধরে ১০টি ছেলেশিশুকে যৌন হয়রানি করার অভিযোগের প্রমাণ পান। এই ১০টি শিশুকে ৪৮ বার হয়রানি করার অভিযোগ ওঠে স্যান্ডাস্কির বিরুদ্ধে। এর মধ্যে ৪৫ বার হয়রানি করার প্রমাণ মিলেছে। স্যান্ডাস্কি (৬৮) তাঁর বিরুদ্ধে ওঠা এই অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন। তিনি এর বিরুদ্ধে আপিল করার কথাও জানিয়েছেন। আদালত দোষী সাব্যস্ত করার পর স্যান্ডাস্কির জামিন বাতিল করে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে পেনসিলভানিয়ার বেলেফোন্টে কারাগারে নিয়ে যাওয়া হয়।রায়ের পর স্যান্ডাস্কির আইনজীবী জো আমেন্ডোলা বলেন, এই রায়ের বিরুদ্ধে তাঁরা আপিল করবেন। তবে তিনি বলেন, আপিল করলেও স্যান্ডাস্কির যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। পেনসিলভানিয়ার অ্যাটর্নি জেনারেল লিন্ডা কেলি বলেন, ‘স্যান্ডাস্কি ক্রমিক শিকারি। তিনি ভয়ংকর অপরাধ করেছেন। আশা করি, আদালত এমন ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন।’ পেন স্টেট ইউনিভার্সিটি এক বিবৃতিতে জানায়, ‘যাঁরা এই বিষয়গুলো প্রকাশ করেছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানাই।’ বিবিসি।