ফুলে-গানে জ্যাকসনকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোটি কোটি ভক্তের ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে গতকাল শুক্রবার কিংবদন্তি পপতারকা মাইকেল জ্যাকসনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে, তাঁর গান গেয়ে, মিউজিক ভিডিও প্রচার করে বিশ্বের অগণিত ভক্ত তাঁকে স্মরণ করে। বিশ্বের বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও বেতারকেন্দ্রে পপসম্রাটকে নিয়ে বিশেষ অনুষ্ঠান প্রচার করা হয়।ক্যালিফোর্নিয়ার গ্লেনডেলে যেখানে পপসম্রাটকে সমাহিত করা হয়েছে, সেই ফরেস্ট লন মেমোরিয়াল পার্কে গতকাল হাজার হাজার ভক্ত ফুল নিয়ে জড়ো হয়। নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে পার্ক কর্তৃপক্ষ গত বৃহস্পতিবারই জানিয়ে দেয়, মাইকেলের কবরের আশপাশে কোনো দর্শনার্থীকে থাকতে দেওয়া হবে না। ভক্তরা শুধু কবরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সুযোগ পাবে। কবরের অদূরে স্থাপিত একটি বেদিতে ভক্তদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে বলা হয়। তবে শেষ পর্যন্ত পুলিশের বাধা উপেক্ষা করে অনেকে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। প্রিয় শিল্পীকে শ্রদ্ধা জানাতে ইউরোপের বহু দেশ থেকেও ভক্তরা সেখানে আসে। গ্রিস থেকে আসা মাইকেলভক্ত এভদোকিয়া সোফিয়ানু বলেন, জ্যাকসনের প্রতি তাঁর ভক্তি ও ভালোবাসাই তাঁকে সেখানে টেনে এনেছে। জ্যাকসন যেখানে শৈশব কাটিয়েছেন, সেই ইন্ডিয়ানা রাজ্যের গ্যারিতে অবস্থিত তাদের পুরোনো বাড়ির সামনে জ্যাকসনের একটি মূর্তি উন্মোচন করা হয়। মাইকেলের মা ক্যাথরিন জ্যাকসন ওই মূর্তি উন্মোচন করেন। এ বাড়িতে পাঁচ ভাইকে নিয়ে গঠিত ‘জ্যাকসন ফাইভ’ ব্যান্ড দলের মধ্য দিয়েই শুরু হয় মাইকেলের সংগীতজীবন।নিউইয়র্কের অ্যাপোলো থিয়েটারে গতকাল এক স্মরণসভা অনুষ্ঠিত হওয়ার কথা। গতকাল লন্ডনের লিরিক থিয়েটারেও তাঁর একটি ভাস্কর্যের উদ্বোধন করা হয়।মাইকেলের বাবা জো জ্যাকসন আজ শনিবার লস অ্যাঞ্জেলেসের বিভারলি হিলে একটি হোটেলে ‘ফরএভার মাইকেল’ শিরোনামে একটি কনসার্টের আয়োজন করেছেন। ডেট্রয়েটে মো টাউন হিস্টোরিক্যাল মিউজিয়ামে গতকাল জ্যাকসনের ব্যবহার্য পোশাক, পুরস্কার হিসেবে পাওয়া পদক এবং তাঁর বিভিন্ন সময়ের ছবির প্রদর্শনী হওয়ার কথা।বলিউডের খ্যাতনামা সুরকার বাপ্পি লাহিড়ীর সুর করা দুটি গান গতকাল বাজারে ছাড়া হয়েছে। একটি গান হচ্ছে: ‘ডোন্ট সে গুডবাই’ ও অন্যটি ‘মাইকেল ও মাইকেল’। এএফপি, এপি ও পিটিআই অনলাইন।