ফেঁসে গেলেন মিস ইউনিভার্স

বাণিজ্যিক উদ্দেশ্যে তাজমহলে ছবি তুলতে গিয়ে ফেঁসে গেলেন মিস ইউনিভার্স অলিভিয়া কালপো। মার্কিন এই সুন্দরী কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই একটি বিশেষ কোম্পানির জুতা পরে তাজমহলে ছবি তুলেছিলেন। এর তত্ত্বাবধানকারী কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছে।
১০ দিনের সফরে ভারতে গেছেন অলিভিয়া কালপো। রোববার তিনি তাজমহলে যান। এ সময় তাঁর পরনে ছিল জাম রঙের লম্বা পোশাক, আর পায়ে ছিল একটি বিশেষ কোম্পানির জুতা।
তাজমহলের তত্ত্বাবধায়ক সুশান্ত গাউর বলেন, ‘ভারতের এই প্রাচীন স্থাপনাটির বিভিন্ন অংশে অলিভিয়ার তোলা ছবি আমাদের হাতে এসেছে। আমরা অলিভিয়া ও তাঁর দলের সদস্যদের বিরুদ্ধে মামলা করেছি।’ সুশান্ত বলেন, অলিভিয়া একটি বিশেষ কোম্পানির স্যান্ডেল সঙ্গের ব্যাগ থেকে বের করে ‘ডায়ানা সিট’-এর ওপর রেখে ছবি তোলেন। এটা অবমাননাকর। তাজমহলের বাগানে মার্বেল পাথরের তৈরি আসনটির নামকরণ হয়েছে ১৯৯২ সালে তাজমহল সফরকারী প্রয়াত প্রিন্সেস ডায়ানার নামে।
ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের (এএসআই) আগ্রা ইউনিটের প্রধান এন কে পাঠক সাংবাদিকদের বলেন, তাজমহলে যেকোনো ধরনের বাণিজ্যিক প্রচারণা নিষিদ্ধ। এএফপি।