ফের অগ্নি-৫-এর সফল পরীক্ষা চালাল ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত গতকাল রোববার তার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র অগ্নি-৫-এর দ্বিতীয় সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। ওডিশা উপকূলের অদূরে হুইলার দ্বীপ থেকে গতকাল সকালে ওই উৎক্ষেপণ সম্পন্ন হয়।
পারমাণবিক অস্ত্র পরিবহনে সক্ষম অগ্নি-৫ কমপক্ষে পাঁচ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। ফলে, চীনের রাজধানী বেইজিং থেকে শুরু করে ইউরোপ মহাদেশের অনেকটা এলাকা এর পাল্লার মধ্যে থাকবে।
ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) মুখপাত্র রবি কুমার গুপ্ত বলেন, পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হয়েছে এবং মিশনের সংশ্লিষ্ট সব লক্ষ্য অর্জিত হয়েছে। এখন নিয়মিত এই ক্ষেপণাস্ত্র উৎপাদন করা যাবে।
অগ্নি-৫ এ সিরিজের ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে সবচেয়ে আধুনিক। কেবল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলের কাছে এর সমান পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে।
অগ্নি সিরিজের আগের ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা কেবল পশ্চিম চীন ও পাকিস্তান পর্যন্ত সীমাবদ্ধ ছিল। রয়টার্স ও পিটিআই।