ফের উসকানিমূলক আচরণ করলে উ. কোরিয়াকে মূল্য দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়নপিয়ং দ্বীপে উত্তর কোরিয়ার হামলাকে মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ আখ্যা দিয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিয়ুং বাক বলেছেন, ফের এ ধরনের উসকানিমূলক আচরণ করলে পিয়ংইয়ংকে চরম মূল্য দিতে হবে। গতকাল সোমবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।দক্ষিণ কোরিয়ার ইয়নপিয়ং দ্বীপে উত্তর কোরিয়ার হামলার তাৎক্ষণিক সমুচিত জবাব না দেওয়ায় নিজ দেশের জনগণের সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট লি। গত সপ্তাহে ওই দ্বীপে উত্তর কোরিয়ার গোলা হামলায় মেরিন দুই সেনা ও দুজন বেসামরিক নাগরিক নিহত এবং অন্তত ১৮ জন আহত হন।এ ঘটনার পর এই প্রথম জাতির উদ্দেশে ভাষণ দেন লি। তিনি বলেন, ‘বেসামরিক নাগরিকদের ওপর সামরিক হামলা চালানো মানবতার বিরুদ্ধে অপরাধ, যা যুদ্ধের সময়েও নিষিদ্ধ। কিন্তু পিয়ংইয়ং এই অপরাধ করেছে। আমরা অনেক সহিষ্ণুতার পরিচয় দিয়েছি। তবে উত্তর কোরিয়া আবারও আগ্রাসী আচরণ করলে ছাড় দেওয়া হবে না। দেশটিকে উচিত শিক্ষা দেওয়া হবে।’কোরীয় উপদ্বীপে উত্তেজনার মধ্যেই গত রোববার পীতসাগরে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া শুরু করে। চার দিনব্যাপী এ মহড়ায় পরমাণু শক্তিসমৃদ্ধ মার্কিন বিমানবাহী জাহাজ ইউএসএস জর্জ ওয়াশিংটনসহ পাঁচটি মার্কিন যুদ্ধজাহাজ অংশ নিয়েছে। সব মিলিয়ে অন্তত ১১টি যুদ্ধজাহাজ যোগ দিয়েছে।দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, পীতসাগরে দুই কোরিয়ার জলসীমা থেকে অনেক দূরে গতকাল মহড়া হয়। এ সময় মার্কিন রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটনে থাকা জঙ্গি বিমান থেকে গুলি করা হয়।মহড়ায় দক্ষিণ কোরিয়ার তিনটি ডেস্ট্রয়ার, টহল জাহাজ, ফ্রিগেট, সহায়তাকারী জাহাজ ও ডুবোজাহাজ ধ্বংসকারী বিমান অংশ নিয়েছে। রোববার মহড়া শুরুর কিছুক্ষণ পর উত্তর কোরিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, তার দেশের সমুদ্রসীমা লঙ্ঘন করলে কঠোর জবাব দেওয়া হবে। এদিকে উত্তর কোরিয়ার অন্যতম মিত্র বলে পরিচিত শক্তিশালী চীন ওই অঞ্চলে শান্তি বজায় রাখার চেষ্টা চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছে। চীন এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও দুই কোরিয়ার সঙ্গে যোগাযোগও করেছে। চীনের পক্ষ থেকে ডিসেম্বরের শুরুতে জরুরি ভিত্তিতে ছয় জাতি আলোচনার আহ্বান জানানো হয়েছে।দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি চীনের এ আহ্বানের ব্যাপারে কোনো মন্তব্য করেননি। কোরিয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক লি নায়ে-ইয়ং বলেছেন, চীনের আহ্বানের বিষয়টি এড়িয়ে গিয়ে প্রেসিডেন্ট লি কৌশলে ওই আহ্বান প্রত্যাখ্যান করেছেন। চীনের আহ্বানের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র কোনো মন্তব্য করেনি। তবে দেশটির জয়েন্ট চিফ অব স্টাফ এডমিরাল মাইক মুলেন হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, উত্তর কোরিয়ার উসকানিমূলক আচরণের জন্য মূল্য দিতে হবে।গতকাল দক্ষিণ কোরিয়ায় প্রকাশিত এক জনমত জরিপের ফলে দেখা গেছে, জরিপে অংশ নেওয়া ৮০ শতাংশ নাগরিক মনে করে, ইয়নপিয়ং দ্বীপে উত্তর কোরিয়ার হামলার পরপরই সরকারের কঠোর জবাব দেওয়া উচিত ছিল। এএফপি ও বিবিসি অনলাইন।