ফের কূটনৈতিক সম্পর্কে যুক্তরাজ্য-ইরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানে প্রায় চার বছর পর আবার চালু হচ্ছে যুক্তরাজ্যের দূতাবাস। অন্যদিকে যুক্তরাজ্যেও আবার দূতাবাস খুলছে ইরান। আজ রোববার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

২০১১ সালে যুক্তরাজ্য ও ইরানে অবস্থিত দুই দেশের দূতাবাস বন্ধ হয়ে যায়।

ইরানের পরমাণু কর্মসূচির জের ধরে তেহরানের ওপর আরোপ করা কঠোর নিষেধাজ্ঞা সমর্থন করে যুক্তরাজ্য। প্রতিক্রিয়ায় ২০১১ সালের নভেম্বরে যুক্তরাজ্যের রাষ্ট্রদূতকে বহিষ্কারের ঘোষণা দেয় তেহরান। দুদিন পর তেহরানে অবস্থিত যুক্তরাজ্যের দূতাবাসে হামলা চালায় ইরানের বিক্ষোভকারীরা। বন্ধ হয়ে যায় যুক্তরাজ্যের দূতাবাস। পাল্টা পদক্ষেপ হিসেবে লন্ডনে অবস্থিত ইরানের দূতাবাস বন্ধ করে দেয় যুক্তরাজ্য।

২০১৩ সালে ইরানের প্রেসিডেন্ট হন হাসান রুহানি। তিনি পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে উদ্যোগী হন। সর্বশেষ, তেহরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে কয়েক সপ্তাহ আগে ইরান ও ছয় বিশ্বশক্তির মধ্যে ঐতিহাসিক সমঝোতা হয়। এরই ধারাবাহিকতায় বন্ধ হওয়ার প্রায় চার বছর পর ফের দূতাবাস খুলছে যুক্তরাজ্য ও ইরান।

ইরানে ফের দূতাবাস চালু উপলক্ষে অনুষ্ঠানে অংশ নিতে তেহরান যাবেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড। সঙ্গে থাকবে ব্যবসায়ী নেতাদের একটি প্রতিনিধি দল। ২০০৩ সালের পর এই প্রথম যুক্তরাজ্যের কোনো পররাষ্ট্রমন্ত্রী ইরান সফর করবেন। ফিলিপ হ্যামন্ড বলেছেন, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে দুই দেশের দূতাবাস ফের চালু করা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।