ফের গণভোট চেয়ে আবেদন লাখো ব্রিটিশের
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যুক্তরাজ্যের থাকা না থাকার ব্যাপারে সিদ্ধান্ত নিতে নতুন করে গণভোটের দাবি তোলা হয়েছে। এই দাবির পক্ষে আবেদনপত্রে স্বাক্ষর করেছেন ১৫ লাখেরও বেশি ব্রিটিশ নাগরিক।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত গণভোটে ৫১ দশমিক ৯ শতাংশ ব্রিটিশ নাগরিক ইইউ জোটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পক্ষে রায় দেয়। এর এক দিন পরই আজ শনিবার ১৫ লাখেরও বেশি ব্রিটিশ নাগরিক আবার গণভোট চেয়ে পার্লামেন্টে আবেদনপত্র জমা দিলেন।
নতুন গণভোট চেয়ে এই আবেদনপত্রের উদ্যোক্তা উইলিয়াম অলিভার হিয়েলি বলেন, ‘আমরা যাঁরা এই আবেদনপত্রে স্বাক্ষর করেছি, তারা সরকারকে আহ্বান করেছি একটি আইন জারি করতে। যেখানে ইইউতে থাকার পক্ষে অথবা বিপক্ষে মোট ভোটদাতার হার ৭৫ শতাংশের কম হলে এবং যে কোনো পক্ষে ৬০ শতাংশ রায় না পড়লে আবারও যাতে গণভোটের আয়োজন করা হয়।’
গত বৃহস্পতিবারের গণভোটে মোট ভোটদাতার হার ছিল ৭২.২ শতাংশ। যুক্তরাজ্যের গত সাধারণ নির্বাচনে মোট ভোটদাতার হার ৬৬ দশমিক ১ শতাংশ। উইলিয়াম অলিভার হিয়েলি দাবি করছেন, মোট ভোটদাতার এই হার হতে হবে কমপক্ষে ৭৫ শতাংশ।
২০১৪ আয়োজিত প্রথম গণভোটে যুক্তরাজ্যে থেকে যাওয়ার পক্ষে রায় দিয়েছিল স্কটিশরা। ওই গণভোটে মোট ভোট দাতার সংখ্যা ছিল ৮৪ দশমিক ৬ শতাংশ।
হাউস অব কমনসের একজন মুখপাত্র বলেন, এই আবেদনে স্বাক্ষরকারীর সংখ্যা অনেক বেশি। এর আগে করা যে কোনো আবেদনে স্বাক্ষরকারীর চেয়ে এই সংখ্যা বেশি। পার্লামেন্টে যে কোনো আবেদন বিবেচনার কাজ করে পিটিশন কমিটি। আগামী মঙ্গলবার এই কমিটির এক বৈঠক হওয়ার কথা রয়েছে।
বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এই আবেদনপত্রের বিষয়টি পার্লামেন্টে বিবেচনা করা হবে।
যুক্তরাজ্য ইইউর সঙ্গে থাকবে, নাকি এই জোট ছেড়ে বেরিয়ে যাবে-এ প্রশ্ন রেখে গত বৃহস্পতিবার গণভোটে অংশ নিয়েছিলেন দেশটির নাগরিকেরা। গতকাল শুক্রবার ফলাফল প্রকাশের পর দেখা যায়, মোট প্রদত্ত ভোটের ৫১ দশমিক ৯ শতাংশ অর্থাৎ ১ কোটি ৭৪ লাখ ১০ হাজার ৭৪২ জন ইইউ ছাড়ার পক্ষে রায় দিয়েছেন। আর ইইউর সঙ্গে থেকে যাওয়ার পক্ষে মত দিয়েছেন ৪৮ দশমিক ১ শতাংশ অর্থাৎ ১ কোটি ৬১ লাখ ৪১ হাজার ২৪১ জন। তবে লন্ডন, স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের বেশির ভাগ জনগণ ইইউতে থাকার পক্ষে রায় দেন। এর পরিপ্রেক্ষিতে আগামী অক্টোবরের মধ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন ডেভিড ক্যামেরন।