ফের বিক্ষোভে উত্তাল ব্যাংকক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গতকাল শনিবার সরকারবিরোধী হাজার হাজার ‘লাল শার্ট’ পরা বিক্ষোভকারীরা সমাবেশ করেছে। এই বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী অভিজিত্ ভিজ্জাজিভাকে পার্লামেন্ট ভেঙে দিয়ে শিগগিরই নির্বাচন ঘোষণা দেওয়ার জন্য কয়েক সপ্তাহ ধরে প্র্রতিদিনই আন্দোলন করে আসছে। এই লাল শার্ট পরা বিক্ষোভকারীরা থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থক। প্রধানমন্ত্রী অভিজিত্ ভিজ্জাজিভা এক বছর আগে এ বছরের শেষ নাগাদ নির্বাচন দেওয়ার কথা বলছেন, কিন্তু বিক্ষোভকারীরা তাঁর এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তারা এখনই সরকারের পদত্যাগ এবং পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচন চায়। খবর এএফপি ও বিবিসি। বিবিসির সাংবাদিক রাচেল হার্ভে ব্যাংকক থেকে জানান, শিগগিরই এ সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। ইতিমধ্যে এ সমস্যা সমাধানে সরকার ও বিক্ষোভকারীদের মধ্যে দুইবার আলোচনা হয়েছে। তাদের ওই আলোচনা ফলপ্রসূ হয়নি। এদিকে গত শুক্রবার ব্যবসায়ী নেতা, শিক্ষাবিদ ও পর্যটনশিল্পের লোকজন গোলাপি শার্ট পরে এই সমস্যা সমাধানের আহ্বান জানায় এবং তারা সরকারের প্রতি তাদের অব্যাহত সমর্থনের কথা ব্যক্ত করে। তাদের সংখ্যা ছিল কয়েক হাজার। কিন্তু তারা সরকারবিরোধী ওই বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেয়নি। ২০০৬ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে ক্ষমতাচ্যুত করা হয়। উল্লেখ্য, থাইল্যান্ডে সরকারবিরোধী আন্দোলনের অধিকাংশ লোক গ্রাম থেকে এসে আন্দোলনে যুক্ত হয়েছে। লাল শার্ট পরা বিক্ষোভকারীরা বলেছে, তারা সরকারের পতন না ঘটিয়ে ফিরে যাবে না। প্রধানমন্ত্রী এক বছর আগে ২০১০ সালে নির্বাচনের কথা বললেও বিক্ষোভকারীরা তা মানছে না এবং তারা সরকারকে সেনা সমর্থিত সরকার হিসেবে অভিহিত করছে। থাই প্রধানমন্ত্রী অভিজিত্ ভিজ্জাজিভা গত শুক্রবার বলেছেন, বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার পথ এখনো খোলা রয়েছে। বিক্ষোভকারীরা বলছে, এ সরকার অগণতান্ত্রিক। তারা সংসদীয় ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে।