ফের মহাকাশ ভ্রমণে যাচ্ছেন মার্কিন নভোচারী সুনীতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নভোচারী সুনীতা উইলিয়াম দ্বিতীয়বারের মতো মহাকাশ ভ্রমণে যাচ্ছেন। ২০১২ সালের জুনে রাশিয়ার নভোচারী ইউরি ম্যালেনচেনকো ও জাপানের নভোচারী আকিহিকো হোশিদের সঙ্গে মহাকাশযান সয়ুজ-৩১ করে সুনীতা মহাকাশ ভ্রমণে যোগ দেবেন। একই বছরের অক্টোবরে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের কমান্ডারও হবেন সুনীতা।মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবং এর অংশীদার রাশিয়ান ফেডারেল স্পেস এজেন্সি ও জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জাক্সা) আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে চারজন নতুন ক্রু নিয়োগ দেওয়ার পর গতকাল শনিবার এসব তথ্য জানায়।১৯৯৮ সালে নাসার ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পাওয়ার পর সুনীতা নারী নভোচারী হিসেবে দীর্ঘ ১৯৫ দিন মহাকাশ ভ্রমণের নতুন রেকর্ড করেন। এর আগে রেকর্ডটি ছিল শ্যানন লুসিডের। সুনীতা ২০০৬ সালের ৯ ডিসেম্বর এসটিএস-১১৬-এ করে যাত্রা শুরু করে দুই দিন পর মহাকাশ কেন্দ্রে পৌঁছান। এক্সপিডিশন-১৪-এর নারী ক্রু হিসেবে ২৯ ঘণ্টা ১৭ মিনিট মহাকাশে বিচরণ করেও রেকর্ড করেন সুনীতা। পরে ২০০৮ সালে পেগি হুইটসন ভেঙে দেন সুনীতার এই রেকর্ড। এক্সপিডিশন-১৫-এর ক্রুর দায়িত্ব পালন শেষে সুনীতা ২০০৭ সালের ২২ জুন পৃথিবীতে ফিরে আসেন। গুজরাটি মা-বাবার মেয়ে ৪৪ বছর বয়সী সুনীতা যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইউক্লিড শহরে বসবাস করেন। পিটিআই অনলাইন।