ফেসবুক, টুইটার আমাদের প্রতিবেশী: নরেন্দ্র মোদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দশকের মধ্যে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে গিয়ে নরেন্দ্র মোদি বললেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব এমনই যে ফেসবুক, টুইটার আজ আমাদের প্রতিবেশী।’
বিশ্বের সেরা ও সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তির কেন্দ্রে এসে এ শিল্পের দিকপালদের সঙ্গে দেখা করে মোদি বললেন, ডিজিটাল দুনিয়া থেকে তাঁর সরকার মুখ ফিরিয়ে নেই। কারণ, তিনি মনে করেন, মানুষের আশা-আকাঙ্ক্ষা-চাহিদা ও সুযোগের মাঝে যেটুকু ফাঁক রয়েছে, আধুনিক প্রযুক্তিই তা কমাতে পারে। খবর টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির।
সিলিকন ভ্যালিতে গতকাল রোববার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা, গুগলের সুন্দর পিচাই, অ্যাডোবির শান্তনু নারায়ণ, কোয়লকমের নির্বাহী চেয়ারম্যান পল জ্যাকবস, সিস্কোর জন চেম্বার্স প্রমুখ। প্রধানমন্ত্রী মোদি তাঁদের বলেন, ই-গভর্ন্যান্স যুগান্তকারী পরিবর্তন এনেছে। কিন্তু সরকারের লক্ষ্য এখন মোবাইল গভর্ন্যান্স। সরকারকে তিনি সাধারণ মানুষের তালুবন্দী করে দিতে চান। ভারতের প্রতিটি নাগরিকের কাছে পৌঁছানোই তাঁর সরকারের লক্ষ্য। ছয় হাজার গ্রামকে ইতিমধ্যে ব্রডব্যান্ডের সঙ্গে যুক্ত করা হয়েছে। দেশের ৫০০টি রেলস্টেশনে ওয়াই ফাই প্রযুক্তি চালু করা হবে। সে জন্য গুগলের সাহায্য নেওয়া হবে।
তথ্যপ্রযুক্তির কর্ণধারদের মোদি অনুরোধ করেন কম খরচে প্রযুক্তিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সহযোগিতার হাত বাড়াতে।
সান হোসেতে মোদি আলাদাভাবে বৈঠক করেন অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুকের সঙ্গে। তাঁকে অনুরোধ করেন ভারতে অ্যাপলের উৎপাদন শাখা খুলতে। প্রধানমন্ত্রীর সঙ্গে সফররত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ বলেন, টিম কুক প্রধানমন্ত্রীর অনুরোধে ইতিবাচক সাড়া দিয়েছেন। অ্যাপলের সর্ববৃহৎ উৎপাদনকারী সংস্থা ফকসকন ভারতে তাদের একটা উৎপাদন শাখা খুলবে বলে জানিয়েছে।
টিম কুককে মোদি বলেন, সরকারি ও বেসরকারি উদ্যোগের মতো ব্যক্তিগত উদ্যোগও রয়েছে। এই উদ্যোগ সাধারণ মানুষকে স্বনির্ভর করে তোলে। মোদির কথার রেশ ধরে কুক বলেন, অ্যাপ ব্যবহারের মধ্য দিয়ে সাধারণ মানুষ এই বিশাল শিল্পের অংশীদার হয়ে উঠতে পারেন।
মোদির সঙ্গে বৈঠকে টিম কুক বলেন, অ্যাপলের প্রতিটি কর্মীর মনে ভারতের একটা আলাদা স্থান রয়েছে। কারণ, অ্যাপলের অন্যতম প্রতিষ্ঠাতা স্টিভ জবস তরুণ বয়সে ভারতে গিয়েছিলেন। ভারত থেকেই প্রেরণা পেয়ে তিনি পৃথিবীকে অ্যাপল উপহার দিয়েছিলেন। কুক জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের অংশীদার হতে তিনি একান্তই আগ্রহী। ডিজিটাল ইন্ডিয়া ভারতের অগ্রগতি ও উন্নয়নের অভিমুখ বদলে দেবে বলেও টিম কুকের বিশ্বাস।