ফেসবুক বিহ্বলতায় সাগরে পতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাইওয়ানের এক নারী পর্যটক সাগরের জেটি ধরে একাকী হাঁটছিলেন। হাতে আইফোন। সব মনোযোগ সেদিকেই। আইফোনে ফেসবুক ব্রাউজিং নিয়ে তাঁর ব্যস্ততা। ফেসবুকিং বিহ্বলতায় একপর্যায়ে ওই নারী জেটি থেকে সাগরে পড়ে যান। সাঁতার না জানায় পানিতে হাবুডুবু খাচ্ছিলেন তিনি। অবশেষে পুলিশের সহায়তায় তাঁর শেষরক্ষা হয়।
বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গত সোমবার রাতে অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের পোর্ট ফিলিপ সাগর জেটিতে এ ঘটনা ঘটেছে।
সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা গতকাল বুধবার জানান, জেটি থেকে ওই পর্যটকের সাগরে পড়ে যাওয়ার ঘটনাটি এক প্রত্যক্ষদর্শী পুলিশকে জানায়। প্রায় ২০ মিনিটের মধ্যে স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। তারা ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তিনি সুস্থ আছেন।
ওই নারী নিজেই পুলিশ কর্মকর্তাদের বলেছেন, ‘জেটি দিয়ে আমি একাকী হেঁটে যাচ্ছিলাম। আর আইফোনে ফেসবুক পেইজ দেখছিলাম। হঠাত্ দেখি আমি পানিতে।’
পুলিশ জানিয়েছে, নারী পর্যটক সাঁতার জানতেন না। এমন অবস্থায় তিনি পানিতে হাবুডুবু খাচ্ছিলেন। তবে সে সময়ও তাঁর হাতে মুঠোফোন ধরা ছিল। উদ্ধার হওয়ার পর অবশ্য ওই নারী পর্যটক ক্ষমা চেয়েছেন।