ফেসবুক ব্যবহারকারী এখন ১০০ কোটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক ১০০ কোটি ব্যবহারকারীর মাইলফলক ছুঁয়েছে। গতকাল বৃহস্পতিবার নতুন এই মাইলফলক অর্জন করে বিশ্বখ্যাত এই সামাজিক যোগাযোগ সাইটটি। এ বিষয়ে নিজের এক পোস্টে ব্যবহারকারীদের ধন্যবাদ জানিয়েছেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। তিনি বলেন, ‘প্রথমবারের মতো আমরা এই মাইলফলক অর্জন করায় খুশি। আর এ অর্জন উপলক্ষে প্রথমবারের মতো একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওটিতে দেখানো হয়েছে যে কোথায় কোথায় ফেসবুক পৌঁছেছে।’ তথ্য অনুযায়ী, গতকাল থেকে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটি ছাড়িয়েছে। এর আগে পাবলিক প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধন করার সময় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ফেসবুক ব্যবহারকারী সাড়ে ৯৫ কোটি বলে জানিয়েছিল ফেসবুক কর্তৃপক্ষ। ২০০৪ সালে যাত্রা শুরু করা ফেসবুকে প্রতি মাসে অন্তত একবার লগ-ইন করেন এমন ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটি হওয়ায় গর্বিত ফেসবুক দল সবাইকে ধন্যবাদ জানিয়েছে। কম্পিউটারের পাশাপাশি বর্তমানে মোবাইল ফোনে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৬০ কোটি। ফেসবুক ব্যবহারকারী ৫০ কোটির মাইলফলক স্পর্শ করে ২০১০ সালে। ২০১১ সালের জুলাই মাসে এই সংখ্যা হয় ৭৫ কোটি। চলতি বছরের এপ্রিলে এই সংখ্যা ছিল ৯১ কোটি ১০ লাখ। সর্বশেষ ব্যবহারকারীদের ভার্চুয়াল সুবিধাকে বাস্তবে রূপ দিতে ফেসবুক চালু করেছে প্রিয়জনকে উপহার দেওয়ার সুবিধা। বিবিসি, ফেসবুক