ফেসবুকে ধর্ষণ নিয়ে সোচ্চার ইউক্রাইন নারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনের কোনো না-কোনো সময় যৌন নির্যাতন বা ধর্ষণের শিকার হয়েছেন তাঁরা। ঘটনা যখন ঘটেছে, তখন ভয়ে মুখ খোলেননি। ভেবেছেন, উল্টো তাঁদেরই দোষ দেওয়া হবে। কষ্ট আর অপমান চেপে রেখেছেন বুকে।

ইউক্রেনের নারী কর্মী আনাসতাসিয়া মেলনিচেঙ্কো তাঁদের পথ দেখিয়েছেন। সাহস দিয়েছেন। যৌন নির্যাতনের শিকার নারীরা ফেসবুকে সোচ্চার হয়েছেন। প্রতিবাদ জানিয়েছেন। লজ্জা ভেঙে নিজেদের ওপর চলা যৌন নির্যাতনের কথা জানিয়েছেন।

এএফপির খবরে জানানো হয়, সামাজিক বাধা বা ট্যাবু ভেঙে ইউক্রেন ও প্রতিবেশী রাশিয়ার দুই শতাধিক নারী ফেসবুকে নিজেদের ওপর চলা যৌন নির্যাতনের কথা লিখেছেন। উদ্যোগটা ছোট হলেও প্রতিক্রিয়া বড়। ইউক্রেনের একজন আইনপ্রণেতা জানান, ফেসবুকে নারীদের এসব পোস্ট পড়ে আইনজীবীরা তাঁদের ওপর চলা যৌন সহিংসতা বিষয়ের আইন নিয়ে নতুন করে ভাবছেন। সহকারী আইনজীবীরা এ ব্যাপারে স্বাক্ষর সংগ্রহ করছেন।

রাশিয়ার শিল্প সমালোচক আশিয়া বাজদিরিয়েভা লেখেন, স্কুলে পড়ার সময় এক যুবক তাঁকে অনুসরণ করত। সুযোগ বুঝে একদিন তাঁর ওপর সে যৌন নির্যাতন চালায়।

চার সন্তানের মা ভালেরিয়া বেজলেপকিনা এক পোস্টে লেখেন, ওই সময় তাঁর বয়স ছিল ১৯ বছর। প্রায় ছয় ফুট লম্বা ওই যুবক তাঁর এক বন্ধুর বন্ধু। একদিন ফাঁকা রাস্তায় পল তাঁকে ধর্ষণ করে। সামাজিকভাবে হেয় হওয়ার ভয়ে ভালেরিয়া সেদিন কিছু বলেননি।

রেস্তোরাঁ সমালোচক অরোরা অগোরোদনিক ফেসবুকে দেওয়া পোস্টে লেখেন, তিনি দরিদ্র পরিবারে বড় হয়েছেন। সেখানে যখন-তখন তাঁর ওপর চলত যৌন নির্যাতন।

মেলনিচেঙ্কো এভাবে যৌন সহিংসতা, বিশেষ করে ধর্ষণের ব্যাপারে নারীদের নীরবতার দেয়াল ভেঙে দেন। তিনি এএফপিকে বলেন, ‘আমাদের সমাজে যৌন নির্যাতনের জন্য নারীকেই দোষ দেওয়া হয়। তাই নারীরা আত্মীয়স্বজন বা পুলিশকে জানাতে চান না।’

ইউক্রেনে সাড়ে চার কোটি লোকের বাস। গত বছর দেশটিতে ধর্ষণ বা ধর্ষণচেষ্টার ঘটনায় ৩২০টি মামলা হয়েছে।

দেশটির লা স্ত্রাদা এলাকার আন্তর্জাতিক নারী অধিকার সংস্থার আইনজীবী আনা সায়েঙ্কো বলেন, যৌন সহিংসতার বিষয়টি নিয়ে কখনো খুব বেশি ভাবা হয় না। বেশির ভাগ ক্ষেত্রে নারীরা সঙ্গে সঙ্গে কোনো থানায় ফরেনসিক পরীক্ষার জন্য যান না।

এ ব্যাপারে সচেতন হতে নারীদের প্রতি আহ্বান জানিয়ে সায়েঙ্কো বলেন, যৌন নির্যাতনের সঙ্গে সঙ্গেই নারীকে পুলিশের কাছে যেতে হবে।

ফেসবুকে নারীদের দেওয়া স্ট্যাটাসে কয়েকজন পুরুষও মন্তব্য করেন। তাঁরা এর সমালোচনা করেছেন। বলেছেন, এভাবে নারীরা নিজেদের জনসমক্ষে বিবস্ত্র করছেন।

তবে মনস্তাত্ত্বিক আলেভতিনা শেভচেঙ্কো বলেন, নির্যাতনকারীরা সব সময় চায় নির্যাতিতরা মুখ না খুলুক। আর যৌন নির্যাতনের ঘটনা নারীরা গোপন করে যাওয়ায় আখেরে তাদেরই লাভ হয়।

সামাজিক বাধা ভেঙে ফেসবুকে এগিয়ে আসা সাহসী নারীদের ধন্যবাদ জানিয়েছেন মেলনিচেঙ্কো। বলেন, অন্য নারীরাও যেন এগিয়ে আসেন। কেউ যেন নিজেকে একা না ভাবেন।