ফেসবুকে প্রলুব্ধ করে অপহরণ করা কিশোরকে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের করাচি থেকে অপহরণ করা এক কিশোরকে গতকাল সোমবার বেলুচিস্তানের হাব শহর থেকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের মাধ্যমে প্রলুব্ধ করে মুস্তাফা (১৩) নামের ওই কিশোরকে অপহরণ করা হয়েছিল। পুলিশের অভিযানে অপহরণকারী দলের চারজন নিহত ও একজন আহত হয়েছে। পাকিস্তান পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা নিয়াজ খসরু বলেন, ছয় মাস আগে অপহরণকারীরা ফেসবুকে মুস্তাফার সঙ্গে যোগাযোগ করে। গত শুক্রবার দেখা করতে বলে তাকে অপহরণ করে হাব শহরে নেওয়া হয়। এরপর তার পরিবারের কাছে ফোনে যোগাযোগ করে পাঁচ কোটি রুপি দাবি করা হয়। পুলিশ জানায়, মুঠোফোন নম্বর অনুসরণ করে অপহরণকারীদের লুকোনোর স্থান খুঁজে বের করা হয়। গতকাল হাব শহরে ওই স্থানে পুলিশ অভিযান চালায়। মুস্তাফাকে ফিরে পেয়ে তার মা কান্নায় ভেঙে পড়েন। তিনি সব মা-বাবাকে সন্তানের ফেসবুক ব্যবহারে সতর্ক হওয়ার অনুরোধ জানান। এএফপি।