থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ‘বিস্ফোরণ’ হয়েছে বলে ভুয়া অ্যালার্ট পান সেখানকার ফেসবুক ব্যবহারকারীরা। বিপজ্জনক এলাকায় নিরাপদ রয়েছেন বলে নিশ্চিত করতে সেফটি চেক ফিচারও চালু করে ফেসবুক। এর সঙ্গে লিংকে দেওয়া হয় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির ব্রেকিং নিউজ-সংবলিত এক ভিডিও। এতে বিভ্রান্ত হয়ে অনেক ফেসবুক ব্যবহারকারীই এই ভুয়া খবরটি শেয়ার করে তা আরও ছড়িয়ে দিতে থাকেন। কিন্তু ঘটনা হলো, মঙ্গলবার এক বিক্ষোভকারী ব্যাংককের একটি সরকারি ভবনে ছোট আতশবাজি নিক্ষেপ করে। এ ঘটনার পর স্থানীয় সময় রাত নয়টার দিকে ফেসবুক সেফটি চেক চালু করে। এর শিরোনাম করা হয় থাইল্যান্ডের ব্যাংককে বিস্ফোরণ। পরে অবশ্য ফেসবুক কর্তৃপক্ষ বলে যে বিস্ফোরণের ‘ঘটনাটি নিশ্চিত করতে বিশ্বস্ত এক তৃতীয় পক্ষের’ ওপর নির্ভর করা হয়েছিল। এ-ও জানা যায়, বিবিসির যে ভিডিওটির লিংক দেওয়া হয়েছিল, তা-ও ২০১৫ সালের ইরাওয়ান মন্দিরে ঘটা বিস্ফোরণের। বিবিসি