ফেসবুকে শিশুর ছবি কতটা পছন্দের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের মাধ্যমে আজকাল সগর্বে শিশুর ছবি পোস্ট দিয়ে থাকেন মা-বাবারা। আগের প্রজন্মের শিশুদের কিন্তু এ অভিজ্ঞতা নেই।

জরিপে দেখা গেছে, যুক্তরাজ্যে ফেসবুক ব্যবহার করেন—এমন মা-বাবা গড়ে সন্তানের প্রায় ১ হাজার ৫০০ ছবি দেন। সন্তানদের নানা বয়সের, নানা সময়ের ছবি তাঁরা দিয়ে থাকেন। মা-বাবা বেশ গর্বের সঙ্গে শিশুসন্তানদের এসব ছবি দেন বটে, কিন্তু সব সময় তা কি সন্তানের জন্য আনন্দের বিষয় হয়?

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, অনেকের কাছে ফেসবুকে ছবি দেওয়ার বিষয়টি পরবর্তী সময়ে তেমন ভালো মনে হয়নি। ফেসবুকে যখন তাদের ছবি দেওয়া হয়, তখন তারা নিতান্তই শিশু ছিল। এখন তারা বড় হয়েছে।

নিউক্যাসলের বাসিন্দা ১৬ বছরের লুসি জানিয়েছে, তার সাত বছর বয়স থেকে বাবা ফেসবুকে ছবি পোস্ট দিতেন। এ ব্যাপারে তার কথা, ‘যখন আমার বয়স ১২-১৩, তখন আমি ফেসবুক চেনা শুরু করলাম। এর আগে জায়গাটা আমার কাছে বেশ অস্বস্তিকর ছিল। আমার সাত বছর বয়সের ছবি আছে ফেসবুকে। আমার বাবা দিয়েছিলেন। আমি এখন তাঁকে আমার ছবি সরিয়ে দিতে বললাম। তিনি খুশিমনেই সরিয়ে ফেলেছেন। কিন্তু যখন এই ছবিগুলো পোস্ট করা হয়েছিল, তখন আমার মতামত চাইলে আমি হয়তো না বলতাম।’

একই কথা বলেন ২০ বছরের ডানা হারলি। তিনি বলেন, বাবা যখন ছোটবেলায় তাঁর ছবি পোস্ট করতেন, এতে তিনি খুব খুশি হতেন। তখন তাঁর বয়স ১১ ছিল। কিন্তু এখন তাঁর এ ব্যাপারটা ভালো লাগে না।

যুক্তরাজ্যের মনোবিদ ড. আর্থার ক্যাসিডি বলেন, মা-বাবা যখন ছবি বা ভিডিও পোস্ট করেন, তখন তাঁরা বুঝতে পারেন না যে তাঁদের সন্তানদের একটা পরিচয় তৈরি করে ফেলছেন। হয়তো এ পরিচয় বড় হয়ে তাদের পছন্দ হবে না। তিনি আরও বলেন, ‘আমরা যে বিষয়টা নিয়ে ভাবছি, তা হলো মা-বাবার কি সন্তানদের এভাবে তুলে ধরার অধিকার আছে? তাঁরা ভাবেন, আমার সন্তান, আমরা তাঁর পরিচয়ের মালিক। তবে সন্তানেরা বিশ্বাস করে, অনলাইনে তাদের এই পরিচয় তাঁরা পরিবর্তন বা নিয়ন্ত্রণ করতে পারেন।’

লুসি বাবাকে সব ছবি থেকে তার নাম সরিয়ে দিতে বলেছিল। সে বিশ্বাস করে, পুরোনো এই ছবিগুলো আজকের লুসিকে তুলে ধরে না। তবে ২১ বছরের ফ্রান্সেসকা ইভালদি মনে করেন, অনলাইনেও তিনি বড় হয়েছেন। এর মাধ্যমে পরিবারের সঙ্গে সুসম্পর্ক তৈরি হয়েছে তাঁর।

মা-বাবারা অনলাইন গোপনীয়তার ক্ষেত্রে সব সময় কিশোর সন্তানদের এর ক্ষতিকর দিক নিয়ে সচেতন করেন। অথচ মা-বাবারাই ব্যক্তিগত সব তথ্য দিয়ে দিচ্ছেন। অনলাইন ওয়েবসাইট মামসনেটের প্রতিষ্ঠাতা জাস্টিন রবার্ট মনে করেন, মা-বাবারা স্বাভাবিক তাড়না থেকে সন্তানদের ছবি ফেসবুকে দেন। অথচ তাঁরাই ইন্টারনেটে ছবি বা তথ্য দেওয়ার ক্ষেত্রে সচেতন থাকতে সব সময় সন্তানদের সতর্ক করেন।