ফেসবুকে ৫৬ লাখ শিশু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা বিশ্বে অন্তত ৫৬ লাখ শিশু সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ব্যবহার করে। অথচ ফেসুবক কর্তৃপক্ষের দাবি, এই ওয়েবসাইট ব্যবহার শিশুদের জন্য ‘নিষিদ্ধ’। চিলড্রেনস অনলাইন প্রাইভেসি প্রটেকশন অ্যাক্ট (সিওপিপিএ) অনুযায়ী, ১৩ বছরের কম বয়সী শিশুদের ফেসবুকসহ অন্যান্য ওয়েবসাইট ব্যবহারে বিশেষ নজর রাখতে হয়। এই আইনের উদ্দেশ্য হলো, শিশুদের ব্যক্তিগত তথ্য নিয়ে যাতে কেউ ব্যবসায়িক কাজে ব্যবহার করতে না পারে তা প্রতিহত করা। কোনো শিশুকে এ ধরনের ওয়েবসাইট ব্যবহারের সুযোগ দেওয়ার আগে তাদের মা-বাবার কাছ থেকে অনুমতি নিতে হয়। এ ছাড়া তাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার নিশ্চয়তা দিতে হয়। বর্তমানে সারা বিশ্বে প্রায় সাড়ে ৯৫ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে। এর মধ্যে ১২ কিংবা এর চেয়ে কম বয়সী শিশুর সংখ্যা প্রায় ৫৬ লাখ। ইতিমধ্যে ‘নিষিদ্ধ’ এই ব্যবহারকারীদের ওয়েবসাইট থেকে বাদ দেওয়ার উদ্যোগ নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রভিত্তিক কনজিউমার রিপোর্টস সাময়িকীর গত জুনের এক গবেষণা অনুযায়ী, ১৩ বছরের কম বয়সী অন্তত আট লাখ ব্যবহারকারীকে শনাক্ত করতে সক্ষম হয় ফেসবুক কর্তৃপক্ষ। পরে এদের ওয়েবসাইট থেকে বাদ দেওয়া হয়। ওই জরিপে বলা হয়, তা সত্ত্বেও এখনো অন্তত ৫৬ লাখ শিশু ফেসবুক ব্যবহার করছে। রয়টার্স।