ফোকফেস্টে বাংলাদেশি প্যাভেলিয়নে ভিড়

কানাডার সাসকাচুয়ান প্রদেশের সাসকাটুনে উদ্যাপিত হলো কানাডায় বসবাসকারী বহুজাতিক ও বিশ্ব সংস্কৃতির প্রাণের উৎসব ফোকফেস্ট। ৩৮তম ফোকফেস্টে বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন অব সাসকাচুয়ান (বিকাশ) উদ্যোগে সাসকাটুন প্রবাসী বাংলাদেশিরা সপ্তমবারের মতো এই অনুষ্ঠানে অংশগ্রহণ করলো।
প্রেইরিল্যান্ড পার্কে ১৭ আগস্ট বিকেল ৫টায় বাংলাদেশ ও কানাডার জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বিকাশের সভাপতি জাকির হোসেন।
১৭ ও ১৮ আগস্ট বিকেল ৫টা থেকে রাত ১২টা ও ১৯ আগস্ট বিকেল ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত অনুষ্ঠান চলে। এবারই প্রথম উন্মুক্ত মাঠে অনেক দেশের প্যাভেলিয়ন পাশাপাশি হওয়ায় প্রচুর দর্শক সমাগম ঘটে। বাংলাদেশিদের একান্ত নিজস্ব সংস্কৃতির বিভিন্ন উপাদানের মাধ্যমে পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন দেশের দর্শকদের মুগ্ধ করেছে।
বাংলার প্রিয় বর্ষা, পাহাড়ি নৃত্য, বাউল সংগীত, বাংলা সংগীতে সেতারসহ বিভিন্ন বাদ্যযন্ত্রের সমাহার, ঢাক, গ্রামীণ জীবন ও বিয়ে, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ও সংগীত, নজরুল ও লালনগীতি, বাংলা স্কুলের ছাত্রছাত্রীদের পরিবেশনায় গেরিলা আমরা গেরিলা ও একদিন বাঙালি ছিলাম রে, পদাবলি, উচ্চাঙ্গ সংগীত ও লোকজ সংগীত উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

আমাদের ঐতিহ্য ও নিজস্ব সংস্কৃতির বিভিন্ন উপাদান দিয়ে সাজানো হয়েছিল বাংলাদেশ প্যাভিলিয়ন। বিভিন্ন স্টলে আমাদের পোশাক, শাড়ি, গয়না, মেহেদি আমাদের জীবনধারাকে সুন্দরভাবে তুলে ধরেছে। অনুষ্ঠানের শেষ দিনে ফোকফেস্টের প্রেসিডেন্ট নেইল আরভিন, অনারারি অ্যাম্বাসেডর ভাস্কর পণ্ডিত, ফোকফেস্ট সদস্য জয় কালরা ও স্যাম সাম্বাসিভামসহ অনেকেই বাংলাদেশি প্যাভেলিয়ন পরিদর্শন করেন।
তরুণ রিয়েলে এস্টেট ব্যবসায়ী ও বাংলাদেশ প্যাভেলিয়নের অ্যাম্বাসেডর প্রিয়াঙ্কা নন্দী বলেন, এমন খাঁটি বাঙালি, মনোমুগ্ধকর আর নয়নাভিরাম অনুষ্ঠানমালা এবং শীত আসার আগে বাংলাদেশিদের মিলনমেলা এককথায় অসাধারণ। অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে সহযোগিতার জন্য বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন অব সাসকাচুয়ানের (বিকাশ) সভাপতি জাকির হোসেন স্বেচ্ছাসেবক, স্পনসরসহ সব প্রবাসীকে ধন্যবাদ জানান।