ফোন করার চেষ্টা করেছিলেন কো-পাইলট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ার উড়োজাহাজটি নিখোঁজ হওয়ার আগে এর কো-পাইলট তাঁর মুঠোফোন থেকে ফোন করার চেষ্টা করেছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক তদন্ত কর্মকর্তার বরাত দিয়ে মালয়েশিয়ারদ্য নিউ স্ট্রেইট টাইমস গতকাল শনিবার এ তথ্য জানিয়েছে।
পত্রিকাটির খবরে বলা হয়, কো-পাইলট ফারিক আবদুল হামিদ ফোন করার চেষ্টা করলেও কলটি অপ্রত্যাশিতভাবে কেটে যায়। এর কারণ হিসেবে ধারণা করা হচ্ছে, উড়োজাহাজটি অনিয়ন্ত্রিত গতিতে ছুটছিল তখন। পত্রিকাটি তাদের খবরের শিরোনাম দিয়েছে ‘সাহায্যের জন্য মরিয়া কল।’
গত ৮ মার্চ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে ২৩৯ আরোহী নিয়ে বেইজিং যাওয়ার পথে উড়োজাহাজটি নিখোঁজ হয়। এক মাস পার হলেও সন্ধান মেলেনি।
উড়োজাহাজটি ছিনতাই করা হয়েছিল নাকি এতে সন্ত্রাসী হামলা হয়েছিল অথবা চালকের ভুলে তা সাগরে বিধ্বস্ত হয়—এমন অনেক প্রশ্নের উত্তর এখনো অজানা।
এদিকে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট গতকাল জানান, গভীর সাগরে যে সংকেতের খোঁজ অনুসন্ধানকারীরা পেয়েছিলেন তা দ্রুত দুর্বল হয়ে আসছে। ওই সংকেত নিখোঁজ বিমানের সংকেত বলেই মনে করেন অ্যাবোট। কিন্তু গত মঙ্গলবার থেকে আর সংকেত পাওয়া যাচ্ছে না। তবে ভারত মহাসাগরের দক্ষিণাংশে এখনো তল্লাশি চলছে। নতুন সংকেত পাওয়ার ব্যাপারে আশাবাদী অ্যাবোট। এএফপি।