ফোনবোমা থেকে সাবধান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বছর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের আগে উপহার হিসেবে মোবাইল ফোনসেট, কম্পিউটার ও ক্যামেরা নেওয়ার ব্যাপারে প্রার্থীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আফগানিস্তানের গোয়েন্দারা। এসব উপহারসামগ্রীর প্যাকেটের ভেতর হামলা চালানোর জন্য বোমা লুকানো থাকতে পারে বলে গোয়েন্দারা আশঙ্কা করছে। গতকাল টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা জানানো হয়।

দেশটির বর্তমান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের উত্তরসূরি হওয়ার ইচ্ছা পোষণ করে নির্বাচনে অংশ নিতে ইতিমধ্যে ২০ জনেরও বেশি প্রার্থী নিবন্ধন করেছেন। আগামী বছর এপ্রিলে অনুষ্ঠেয় নির্বাচনের ক্ষেত্রে নিরাপত্তাই বড় প্রতিবন্ধকতা বলে বিবেচিত হচ্ছে।

দেশটির ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটি (এনডিএস) জানিয়েছে, আফগানিস্তানের শত্রুরা নির্বাচনে ব্যাঘাত ঘটাতে নতুন পদ্ধতিতে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করছে বলে তাদের কাছে তথ্য আছে। নিরাপত্তাকর্মীদের তল্লাশির আগে মোবাইল ফোনসেট, কম্পিউটার, ক্যামেরা বা কোনো ধরনের প্যাকেট এড়িয়ে চলতে প্রার্থীদের বলা হয়েছে।

সম্প্রতি পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের পর বক্তব্য রাখার সময় মাইক্রোফোনে লুকিয়ে রাখা বোমার বিস্ফোরণে দেশটির লগার প্রদেশের গভর্নর নিহত হন।