যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) নাগরিকদের ফোনে আড়ি পাতার মাধ্যমে তাদের গোপনীয়তার অধিকার ক্ষুণ্ন করে ‘অসাংবিধানিক’ কাজ করেছে বলে রুল জারি করেছেন সে দেশের একটি আদালত। গত সোমবার ওয়াশিংটনের ডিস্ট্রিক্ট কোর্ট এ রুল জারি করেন।
রক্ষণশীল ল্যারি ক্লেম্যান ও চার্লস স্ট্রেনজের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই রুল জারি করলেন। ক্লেম্যান ও স্ট্রেনজ যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম একটি ফোন কোম্পানির গ্রাহক। সরকারি গোয়েন্দা সংস্থা তাঁদের তথ্য সংগ্রহ করছে—এমন অভিযোগ এনে তাঁরা আবেদনটি করেছিলেন।
আদালতের বিচারক রিচার্ড লিয়ন বলেন, ‘এ রকম পদ্ধতিগত ও উচ্চ প্রযুক্তির সহায়তায় প্রায় প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও ফোনে আড়ি পাতার মতো স্বেচ্ছাচারী বা অযৌক্তিক কর্মকাণ্ড আমি কল্পনাও করতে পারছি না।’ বিচারক নাগরিকদের ওপর এ ধরনের নজরদারিকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে বলেন, রাষ্ট্র যেভাবে নাগরিকদের গোপনীয়তার অধিকার লঙ্ঘন করছে, তাতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও সংবিধানের অন্যতম প্রণেতা জেমস ম্যাডিসনও বিস্মিত হবেন।
মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসএর সাবেক চুক্তিভিত্তিক কর্মী এডওয়ার্ড স্নোডেন বিশ্বব্যাপী মার্কিন গোয়েন্দা নজরদারির খবর ফাঁস করেন।
বর্তমানে রাশিয়ার আশ্রয়ে থাকা স্নোডেনের জন্য সাধারণ ক্ষমা ঘোষণার ব্যাপারে এনএসএর জ্যেষ্ঠ কর্মকর্তা রিক লিডগেট রাজি জানিয়ে বলেছেন, গোপন তথ্য আর ফাঁস না করে তাঁদের কাছে হস্তান্তরে রাজি হলে এটা সম্ভব।
স্নোডেনের দেওয়া তথ্য অনুযায়ী, মার্কিন গোয়েন্দা সংস্থাটি নাগরিকদের ব্যক্তিগত ফোনালাপ ধারণ, ফোন নম্বর ও কার্ড নম্বর সংগ্রহ করছে। এএফপি ও বিবিসি।