ফোনে আড়ি পাতার খবরে উত্তপ্ত ভারতের রাজনীতি
সরকার জ্যেষ্ঠ রাজনীতিবিদদের ফোনে আড়ি পাতছে—এমন সংবাদ প্রকাশের পর ভারতের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এ নিয়ে বিরোধীদের তুমুল হইচইয়ের মুখে গত সোমবার দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের অধিবেশন মুলতবি করা হয়। প্রধানমন্ত্রীর কাছে কৈফিয়ত দাবি করে বিরোধীরা বলেছে, এতে করে গণতন্ত্র হুমকির মুখে পড়বে। তবে অভিযোগ অস্বীকার করেছে সরকার।আউটলুক পত্রিকার এক প্রতিবেদনে জানিয়েছে, সরকার রাজনীতিবিদদের মোবাইল ফোনে আড়ি পাতছে। কেন্দ্রীয় সরকারের একটি গোয়েন্দা সংস্থা এ কাজ করছে। যেসব রাজনীতিবিদের ফোনে আড়ি পাতা হচ্ছে তাঁদের মধ্যে আছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শারদ পাওয়ার, সিপিআইএমের সাধারণ সম্পাদক প্রকাশ কারাত, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং ক্ষমতাসীন কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা দিগ্বিজয় সিং।এ খবর প্রকাশের পর গত সোমবার পার্লামেন্টে এ নিয়ে তুমুল হইচই শুরু করে বিরোধীরা। প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা এলকে আদভানি পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় বলেন, ‘এটা সম্পূর্ণ আইন পরিপন্থী। এ বিষয়ে আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে স্পষ্ট বিবৃতি চাই। প্রধানমন্ত্রী পার্লামেন্টে এসে বিবৃতি না দেওয়া পর্যন্ত আমরা শান্ত হব না। আমরা চাই না দেশে জরুরি অবস্থার সৃষ্টি হোক।’আদভানি তাঁর ব্লগে লিখেছেন, রাজনীতিবিদদের ফোনে আড়ি পাতার এ খবর তাঁকে ১৯৭০-এর দশকের মাঝামাঝি দেশে জরুরি অবস্থা জারির বিষয়টি মনে করিয়ে দিচ্ছে।সোমবার পার্লামেন্টের অধিবেশন শুরুর আগে বিজেপির জ্যেষ্ঠ নেতা রাজীব প্রতাপ রুডি বলেন, সন্ত্রাসীদের খুঁজতে যেয়ে সরকার রাজনীতিবিদদের এমনকি তাঁদের মন্ত্রিসভার সদস্যদের ফোনে আড়ি পাতছে।অন্যান্য বিরোধী দলও ফোনে আড়ি পাতার খবরের বিষয়ে সরকারের কাছ থেকে জবাব চেয়েছে। কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার সম্পাদক ডি রাজা সরকারকে সতর্ক করে দিয়ে বলেছেন, দেশে সামরিক শাসন চলছে না।তবে ফোনে আড়ি পাতার অভিযোগ অস্বীকার করেছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরাম জানিয়েছেন, তদন্ত করে দেখা হয়েছে আউটলুক পত্রিকার ওই প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা।দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে দেশজুড়ে বিক্ষোভ ও ক্রিকেটে দুর্নীতির কেলেঙ্কারির মুখে পররাষ্ট্রমন্ত্রী শশি থারুরের পদত্যাগের পর ফোনে আড়ি পাতার এ খবর প্রকাশের পর নতুন করে অস্বস্তির মধ্যে পড়েছে ইউপিএ সরকার।দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে সরকারের বিরুদ্ধে বিরোধীদের সম্ভাব্য অনাস্থা প্রস্তাব, বাজেট এবং গুরুত্বপূর্ণ কয়েকটি বিল পাসের ব্যাপারে মিত্রদের সমর্থন প্রয়োজন হবে সরকারের। এ সময় একের পর এক এ ধরনের বিতর্কে জড়িয়ে পড়ছে তারা। যদিও পার্লামেন্টে তাদের বিপুল সংখ্যাগরিষ্ঠতা আছে। এএফপি।