ফ্যাশন শোতে মডেল হচ্ছেন অ্যাসাঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুলিয়ান অ্যাসাঞ্জ
জুলিয়ান অ্যাসাঞ্জ

লাখ লাখ মার্কিন গোপন সরকারি নথি ফাঁস করে বিশ্বব্যাপী হইচই ফেলে দেওয়া উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ মডেল হতে যাচ্ছেন এক ফ্যাশন শোতে। লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে দুই বছর ধরে আশ্রয় নিয়ে থাকা অ্যাসাঞ্জের মডেল হওয়ার এই সুযোগ আসবে সেপ্টেম্বরে, লন্ডন ফ্যাশন উইকে।
আজ শুক্রবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে এ কথা জানানো হয়।
অ্যাসাঞ্জের এই ফ্যাশনবিষয়ক সব কর্মকাণ্ড ঘটবে ইকুয়েডর দূতাবাসের ভেতরেই, সেখানে রাগবি ফুটবলার বেন ওয়েস্টউডের নকশা করা পোশাকে হাজির হবেন অ্যাসাঞ্জ।
২০১২ সালের জুন থেকে অ্যাসাঞ্জ যুক্তরাজ্যের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নিয়ে আছেন। তাই অ্যাসাঞ্জ যতক্ষণ না দূতাবাস থেকে বের হচ্ছেন, তাঁকে স্কটল্যান্ড ইয়ার্ড গ্রেপ্তার করতে পারবে না।
বেন বলেন, ‘অ্যাসাঞ্জ দুই বছর ধরে দূতাবাসে রয়েছেন এবং তিনি এভাবে আড়ালে পড়ে থাকতে পারেন না। আমি তাঁর দুর্দশা তুলে ধরতে চাই। তাঁর সঙ্গে যা হচ্ছে, তা পুরোপুরি অন্যায়।’
অ্যাসাঞ্জ আশ্রয় নেওয়ার পর থেকে দূতাবাসের সামনে রক্ষী নিয়োগ করেছে স্কটল্যান্ড ইয়ার্ড। তাই অ্যাসাঞ্জ বেরিয়ে এলেই তাঁকে গ্রেপ্তার করতে পারবে পুলিশ। ইকুয়েডরের ওই দূতাবাসের পাহারায় যুক্তরাজ্য সরকার ৬০ লাখ পাউন্ড খরচ করেছে।