ফ্রান্স-জার্মানির আয়তনের চেয়ে বেশি ডুবে গেছে অস্ট্রেলিয়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার বন্যা-পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গতকাল শুক্রবার নাগাদ কুইন্সল্যান্ড রাজ্যসহ উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকার ২২টি শহর প্লাবিত হয়েছে। এতে প্রায় দুই লাখ লোক বন্যাদুর্গত হয়ে পড়েছে। বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে অন্তত চার হাজার মানুষ। কুইন্সল্যান্ডের বড় বড় কয়লাখনি, কয়লা রপ্তানি বন্দর ও চিনি বন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দুর্গত এলাকা পরিদর্শন করেছেন।কুইন্সল্যান্ডের মুখ্যমন্ত্রী আনা ব্লাই বলেছেন, ফ্রান্স ও জার্মানি—দুই দেশের মোট আয়তনের চেয়ে বড় এলাকা ডুবে গেছে। উপকূলীয় শহর রকহ্যাম্পটন ও এমারেল্ড থেকে সেনাবাহিনী হেলিকপ্টারে করে লোকজন সরিয়ে নিচ্ছে। বিভিন্ন স্থানে হেলিকপ্টার থেকে দুর্গত লোকজনের মধ্যে শুকনো খাবার সরবরাহ করা হচ্ছে। থিয়োডর ও কন্ডামাইন নামের দুটি শহর পুরোপুরি জনশূন্য হয়ে পড়েছে। গতকাল আবহাওয়া কিছুটা শুষ্ক থাকলেও বন্যার পানি এখনো বাড়ছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতি কয়েক সপ্তাহ থাকতে পারে বলে সতর্ক করেছেন কর্মকর্তারা। তাঁরা বলেছেন, উদ্ধার ও ত্রাণ কাজে সরকারি কোটি কোটি ডলার খরচ হচ্ছে। পয়োনিষ্কাশনের ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় বহু এলাকার মানুষ রোগব্যাধির ঝুঁকিতে পড়েছে। বন্যার কারণে খাদ্যঘাটতি দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। পানিবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে বলেও আশঙ্কা করছেন তাঁরা।রেল চলাচল অচল হয়ে পড়ায় কুইন্সল্যান্ডের সবচেয়ে বড় খনি থেকে উত্তোলিত কয়লা অস্ট্রেলিয়ার তৃতীয় বৃহত্তম কয়লা রপ্তানি বন্দর গ্ল্যাডস্টোনে নেওয়া সম্ভব হচ্ছে না। এতে কয়লা রপ্তানি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড গতকাল হেলিকপ্টারে করে প্রথমে কুইন্সল্যান্ডের বুন্ডাবার্গে যান। সেখানে বন্যা-পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে। সেখান থেকে তিনি রকহ্যাম্পটনে যান। বন্যার্ত লোকজনকে দৃঢ় মনোবল নিয়ে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানান গিলার্ড।কয়েক দিনের টানা বর্ষণে নদীগুলোর কূল ছাপিয়ে পানি বেড়ে এই বন্যা দেখা দেয়। এখন বৃষ্টি কমে এলেও পাহাড়ি ঢল অব্যাহত রয়েছে।দাবানল: উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় যখন ভারী বর্ষণে বন্যা দেখা দিয়েছে, একই সময় দেশটির দক্ষিণাঞ্চলীয় ভিক্টোরিয়া রাজ্যে তীব্র দাবদাহে দাবানল সৃষ্টি হয়েছে। তা অবশ্য এখনো ব্যাপকভাবে ছড়িয়ে পড়েনি। এএফপি, রয়টার্স ও বিবিসি অনলাইন।