ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট হিসেবে গতকাল মঙ্গলবার শপথ নিয়েছেন সমাজতন্ত্রী নেতা ফ্রাঁসোয়া ওলাঁদ। রাজধানী প্যারিসে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময়দেশকে নতুন পথে পরিচালিত করার অঙ্গীকার করেছেন ওলাঁদ।ওলাঁদ এমন এক সময়ে ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন, যখন ইউরো অঞ্চলে চরম অনিশ্চয়তা বিরাজ করছে। গ্রিসে সরকার গঠন নিয়ে চলমান সংকট উদ্বেগ আরও বাড়িয়েছে।গতকাল ফরাসি প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্রাসাদে ওলাঁদকে স্বাগত জানান বিদায়ী প্রেসিডেন্ট নিকোলা সারকোজি। অভিষেক ভাষণে ওলাঁদ বলেন, মর্যাদার সঙ্গে দেশের শীর্ষ ক্ষমতার ব্যবহার করা হবে। ফ্রান্সকে ন্যায়ের পথে ফিরিয়ে আনা হবে। তাঁর দেশ বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও পৃথিবী রক্ষায় অবদান রাখবে।নতুন প্রেসিডেন্ট বলেন, ঋণসংকট, অপর্যাপ্ত প্রবৃদ্ধিসহ বিভিন্ন কঠিন বাস্তবতার বিষয়ে তিনি অবগত আছেন। তিনি ‘আত্মবিশ্বাসের বার্তা’ পৌঁছে দিতে চান। ওলাঁদ ইউরো অঞ্চলের চলমান সংকট নিরসনের জন্য ‘নতুন পথ’ খুঁজে বের করার প্রতিশ্রুতি দেন। শিগগিরই তিনি নতুন সরকারের প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন। এই পদে মনোনয়ন পেতে পারেন সমাজতন্ত্রীদের পার্লামেন্টারি প্রধান জ্যঁ-মাখত অ্যাহু।ওলাঁদের ইচ্ছা অনুযায়ী শপথ গ্রহণ অনুষ্ঠান যতটুকু সম্ভব অনাড়ম্বর করা হয়। অনুষ্ঠানে প্রায় ৩৬ জন ব্যক্তিগত অতিথি ও ৩০০ জন সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন। তবে ওলাঁদের বান্ধবী ভ্যালেরি ত্রিয়াবেলা বা তাঁদের সন্তানদের কাউকে অনুষ্ঠানে দেখা যায়নি।ওলাঁদ এমন এক সময়ে দায়িত্ব নিলেন, যখন ঋণসংকটে ইউরো অঞ্চলের ঐক্য হুমকির মুখে পড়েছে। এই অঞ্চলের একক মুদ্রার প্রচলন অব্যাহত রাখার ব্যাপারে মতপার্থক্য নিয়ে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে আলোচনায় যোগ দিতে গতকালই ওলাঁদ বার্লিনে গেছেন। সেখানে মেরকেলকে তিনি কীভাবে মোকাবিলা করেন, সেটি দেখার বিষয়। ব্যয় সংকোচনের মাধ্যমে অর্থনৈতিক সংকট নিরসনে জার্মান নেতৃত্বের সঙ্গে ওলাঁদের মতপার্থক্য রয়েছে। এ বিষয়ে ওলাঁদ জার্মানির সঙ্গে ‘একধরনের আপস’ চান।প্রাসাদ ছাড়লেন সারকোজি: বিদায়ী প্রেসিডেন্ট নিকোলা সারকোজি গতকালই এলিসি প্রাসাদ ছেড়ে গেছেন। কর্মহীন সারকোজি এখন অবসর কাটাবেন স্ত্রী কার্লা ব্রুনি ও মেয়ে গিউলিয়ার সঙ্গে। এএফপি ও বিবিসি।