ফ্রান্সে গির্জায় ঢুকে ধর্মযাজককে হত্যা
ফ্রান্সের উত্তরাঞ্চলে নরম্যান্ডি শহরের একটি গির্জায় ঢুকে ধর্মযাজককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালের প্রার্থনা চলার সময় দুই দুর্বৃত্ত গির্জায় ঢুকে পাঁচজনকে জিম্মি করে। পরে ৮৪ বছর বয়সী ওই ধর্মযাজককে হত্যা করে। পুলিশের অভিযানে ওই দুই দুর্বৃত্তও নিহত হয়েছে।
এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। এর আগে ১৪ জুলাই রাতে ফ্রান্সের নিস শহরে এক ব্যক্তির হামলায় ৮৪ জন নিহত হন। ওই হামলারও দায় স্বীকার করেছিল আইএস।
নরম্যান্ডিতে গির্জায় ঢুকে সাধারণ মানুষকে জিম্মি করার পেছনের উদ্দেশ্য কী ছিল তা এখনো স্পষ্ট নয়। তবে প্যারিসের সরকারি কৌঁসুলির কার্যালয় জানায়, এ ঘটনাটি সন্ত্রাসবিরোধী আইনজীবীরা খতিয়ে দেখছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পিয়েরি হেনরি ব্র্যানডেট বলেন, দুর্বৃত্তরা যখন হামলা চালায়, গির্জায় তখন পাঁচজন ছিলেন। তিনি বলেন, তাদের মুক্ত করতে অ্যান্টি-গ্যাং ব্রিগেড (বিআরআই) ওই গির্জা ঘিরে ফেলে। একপর্যায়ে ওই দুই হামলাকারী বেরিয়ে এলে পুলিশের গুলিতে তারা নিহত হয়। একই সঙ্গে জিম্মিদশা থেকে তিনজনকে অক্ষত উদ্ধার করা গেছে। আরও দুজন গুরুতর আহত হন।
এদিকে নরম্যান্ডিতে ধর্মযাজক হত্যাকাণ্ডের ঘটনাকে ‘বর্বর হত্যাকাণ্ড’ বলে উল্লেখ করেছেন বিশ্বের ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস।
ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভাল টুইটারে লিখেছেন, ‘পুরো ফ্রান্স ও সব ক্যাথলিক এ ঘটনায় মর্মাহত। এর বিরুদ্ধে আমরা সবাই একসঙ্গে দাঁড়াব।’
আইএসের দায় স্বীকার
ধর্মযাজক হত্যাকাণ্ডের ঘটনায় কয়েক ঘণ্টার মধ্যে দায় স্বীকার করেছে আইএস। সংগঠনটির কথিত বার্তা সংস্থা আমাক নিউজ জানায়, ‘নরম্যান্ডিতে গির্জায় হামলাকারীরা আইএসের সৈনিক। ক্রুসেডার জোটভুক্ত দেশগুলোকে টার্গেটের অংশ হিসেবে এ হামলা চালানো হয়েছে।’