ফ্রান্সে জঙ্গি সন্দেহে ছয় ব্যক্তি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সে একটি ইসলামি জঙ্গি চক্রের সদস্য সন্দেহে ছয় যুবককে গত সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের একটি সূত্র জানিয়েছে, তারা ফ্রান্সের ভেতরে হামলা চালানোর প্রস্তুতি নিয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে। ২২ থেকে ৩৮ বছর বয়সী এই সন্দেহভাজন ব্যক্তিদের প্যারিস ও এর আশপাশ থেকে আটক করা হয়েছে। তারা প্রত্যেকেই বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। একজন একটি সন্ত্রাসবাদবিরোধী তদন্তের মধ্যেও ছিল।বিচারক আনুষ্ঠানিক তদন্তের ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার আগে তাদের ৯৬ ঘণ্টা পর্যন্ত আটক রেখে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।আফ্রিকার সাবেক ফরাসি উপনিবেশ মালির উত্তরাঞ্চল জঙ্গি ইসলামি বিদ্রোহীরা নিয়ন্ত্রণে নেওয়ার পর কিছুদিন আগে সে দেশে সেনা মোতায়েন করে ফ্রান্স। জঙ্গিরা এর তীব্র নিন্দা করেছে। এ কারণে জানুয়ারির পর থেকে ফ্রান্সে উচ্চ নিরাপত্তা জারি করা হয়েছে।ধর্মীয় প্ররোচনায় একজন ফরাসি সেনাকে ছুরিকাঘাত করায় ইসলাম ধর্ম গ্রহণকারী এক মুসলিম যুবকের বিরুদ্ধে গত মাসে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়। রয়টার্স।