ফ্রান্সে তেল সরবরাহ ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সে সরকারের পেনশন সংস্কার কর্মসূচির বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভের চতুর্থ দিন গতকাল শুক্রবার বিভিন্ন স্থানে ধর্মঘটি শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। জ্বালানি তেলের ডিপোগুলোতে শ্রমিকেরা সরবরাহকাজ বন্ধ রাখেন। সরবরাহ স্বাভাবিক করতে পুলিশ এসব ডিপোতে গেলে শ্রমিকদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। গতকাল শ্রমিকেরা প্যারিসের দুটি প্রধান বিমানবন্দরের তেল সরবরাহের পাইপলাইন বিচ্ছিন্ন করেছেন। প্রেসিডেন্ট নিকোলা সারকোজি সরকারের নেওয়া পেনশন সংস্কার কার্যক্রমে কর্মীদের অবসরের বয়স ৬০ থেকে বাড়িয়ে ৬২ বছর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর বিরুদ্ধে বিক্ষোভ চলছে সারা দেশে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এতে অংশ নিচ্ছে। প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে, দেশের ১২টি তেল ডিপোর মধ্যে আটটিই বন্ধ হয়ে গেছে—এই খবরে হঠাৎ করে তেল কেনা বেড়ে যায়। এতে প্রেসিডেন্ট ওই তেল ডিপোগুলো আবার খুলে দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেন। কিন্তু পুলিশ সেখানে অভিযান চালালে শ্রমিকেরা বাধা দেন। ১২টির মধ্যে বর্তমানে ১১টি ডিপোই বন্ধ রয়েছে। শুধু মার্শেই শহরের একটি তেল ডিপোর শ্রমিকেরা পুলিশকে বাধা দেয়নি। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ফ্রান্সের মধ্যাঞ্চলে একটি ও দক্ষিণ-পূর্বাঞ্চলে দুটি তেল ডিপো খুলেছে পুলিশ।মার্শেই বন্দরে অশোধিত তেলবাহী ৭০টি জাহাজ আটকা পড়ে আছে। কারণ বন্দরের ডক শ্রমিকেরা ধর্মঘট চালিয়ে যাচ্ছেন। প্যারিসের ওই দুটি বিমানবন্দর পরিচালনার দায়িত্বপ্রাপ্ত কোম্পানি ত্রাপিলের কর্মকর্তারা বলেন, একটি বিমানবন্দরে ১৭ দিনের তেল মজুদ আছে। অপরটি বিমানবন্দরে এই সপ্তাহ পর্যন্ত চলার তেল আছে।ফ্রান্সের জুনিয়র ট্রান্সপোর্ট মিনিস্টার ডোমিনিক বুসেরু বলেন, ‘দেশে জ্বালানির ঘাটতি সৃষ্টির সুযোগ দেওয়া সম্ভব নয়।’এর আগে গত বৃহস্পতিবার শ্রমিকদের ডাকা ধর্মঘটের প্রতি সমর্থন জানাতে দেশটির বিভিন্ন শ্রমিক-সংগঠনের কয়েক লাখ মানুষ রাজপথে নেমে আসে। উচ্চবিদ্যালয়ের ছাত্ররাও শ্রমিক-কর্মচারীদের সমর্থনে রাজপথে নেমে বিক্ষোভ করে। ছাত্র বিক্ষোভের কারণে গতকাল ৩০০টি বিদ্যালয়ে পাঠদান ব্যাহত হয়। দেশের শক্তিশালী শ্রমিক-সংগঠন সিজিটি ইউনিয়নের প্রধান বার্নার্ড থাইবল্ট বলেন, ‘১৯৯৫ সালের পর সরকারি ও বেসরকারি খাতের এত বেশি শ্রমিককে রাজপথে নামতে দেখিনি আমরা।’১৯৯৫ সালে তৎকালীন প্রেসিডেন্ট জ্যাক শিরাকের সময় আরেকটি পেনশন সংস্কার কর্মসূচির বিরুদ্ধে ধর্মঘট ও বিক্ষোভ করেন ফ্রান্সের পরিবহন শ্রমিকেরা। ওই প্রতিবাদের কারণে সংস্কার কর্মসূচি বাতিল করতে বাধ্য হয় শিরাকের সরকার। তবে নিকোলা সারকোজির বর্তমান সরকার সংস্কার কর্মসূচি নিয়ে পিছিয়ে আসার কোনো মনোভাব এখনো দেখায়নি। ২০১২ সালের নির্বাচন সামনে রেখে এই সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে চায় সারকোজির ডানপন্থী সরকার। এএফপি, বিবিসি।