ফ্রান্সে বব ডিলানের বিরুদ্ধে মামলা

ক্রোয়েশীয়দের নাৎসিদের সঙ্গে তুলনা করে ফেঁসেছেন বিখ্যাত মার্কিন গায়ক বব ডিলান। ঘৃণ্য মন্তব্য করে উত্তেজনা ছড়ানোর অভিযোগে ফ্রান্সে তাঁর বিরুদ্ধে মামলা করেছে ফ্রান্সভিত্তিক একটি ক্রোয়েশীয় সংগঠন। ফরাসি বিচার বিভাগ সোমবার এই তথ্য জানায়।
গত মাসে বেশ কয়েকটি কনসার্টে অংশ নিতে প্যারিসে গিয়েছিলেন জনপ্রিয় এই গায়ক। ওই সময় তাঁকে ফ্রান্সের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদকে ভূষিত করা হয়। একই সঙ্গে তাঁকে জিজ্ঞাসাবাদ এবং তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
জনপ্রিয় এই গায়ক ২০১২ সালে সংগীতবিষয়ক সাময়িকী রোলিং স্টোনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ক্রোয়াট-সার্বরা নাৎসি-ইহুদিদের মতো। তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্রে বর্ণবাদ অনেক তিক্ত। এখানকার কৃষ্ণাঙ্গরা জানে, কিছু শ্বেতাঙ্গ দাসপ্রথা ছাড়তে চায় না। তিনি বলেন, ‘আপনার শরীরে যদি দাস-প্রভুর রক্ত থাকে, কৃষ্ণাঙ্গরা তা অনুভব করতে পারে।...ইহুদিরা যেমন নাৎসিদের তেমনি সার্বরা ক্রোয়াটদের দেখলে চিনতে পারে। দাসপ্রথার বিষয়টিও ঠিক তেমনি ব্যাপার।’ ওই বছরের নভেম্বরে ফ্রান্সে ক্রোয়েশীয়দের পরিষদ সিআরআইসিসিএফ গায়ক বব এবং রোলিং স্টোন-এর ফরাসি প্রকাশকের বিরুদ্ধে মামলা করে। এএফপি।