ফ্রান্সে বোরকা নিষিদ্ধ আইন কার্যকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সে বোরকা পরা নিষিদ্ধ করে পাস করা আইন গতকাল সোমবার কার্যকর হয়েছে। আইনটি কার্যকর হওয়ার ফলে কোনো মুসলিম নারী জনসমাগমস্থলে মুখ ঢেকে বোরকা পরলে তা দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে। এদিকে গতকাল বোরকা পরা দুই নারীকে গ্রেপ্তার করেছে প্যারিসের পুলিশ। গত শনিবার ১৯ বোরকা পরা নারীসহ গ্রেপ্তার করা হয় ৫৯ জনকে।কেউ এই আইন ভঙ্গ করলে তাঁকে ১৫০ ইউরো জরিমানা করা হবে। যাঁরা নারীদের বোরকা পরতে বাধ্য করবেন, তাঁদের শাস্তি আরও কঠোর। কোনো ব্যক্তি কোনো নারীকে বোরকা পরতে বাধ্য করলে তাঁর অর্থদণ্ডের পরিমাণ হবে আরও বেশি। এ ছাড়া তাঁকে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড দেওয়া হতে পারে।ফ্রান্স হচ্ছে ইউরোপের প্রথম দেশ, যেখানে জনসমাগমস্থলে বোরকা পরা নিষিদ্ধ করা হলো।আইন অনুযায়ী, ফরাসি অথবা বিদেশি কোনো নারী রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কিংবা পার্কে নেকাব অথবা বোরকা পরলে পুলিশ তাঁকে থামাতে এবং জরিমানা করতে পারবে।এদিকে একজন মুসলিম ব্যবসায়ী বোরকা পরা অব্যাহত রাখার মাধ্যমে ‘সংগঠিত আইন অমান্য আন্দোলন’-এ যোগ দেওয়ার জন্য মুসলিম নারীদের প্রতি আহ্বান জানিয়েছেন। নিষেধাজ্ঞার প্রতিবাদে প্যারিসে নটর ডেম গির্জার সামনে নীরবে প্রতিবাদ জানানোর জন্যও তিনি সমর্থকদের প্রতি আহ্বান জানান।রশিদ নেককাজ নামের ওই ব্যবসায়ী বলেন, তিনি জরিমানা পরিশোধে সহায়তা করবেন। তিনি জানান, তাঁর এই কর্মসূচিতে অর্থ জোগানোর জন্য প্রায় ২০ লাখ ইউরো মূল্যমানের একটি জমি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন।নতুন এই আইনের বিরুদ্ধে নটর ডেম গির্জার সামনে বিক্ষোভ করার সময় গতকাল প্যারিসের পুলিশ দুই বোরকা পরা নারীসহ বেশ কয়েকজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।গত শনিবার এই আইনের বিরুদ্ধে প্যারিসে একটি সমাবেশে যোগ দিতে আসা ৫৯ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ১৯ জন ছিল বোরকা পরা নারী।গত অক্টোবরে ফ্রান্সের মধ্য ডানপন্থী সরকার আইনটি পাস করে। এএফপি, বিবিসি ও রয়টার্স।