ফ্রান্সে যুক্তরাষ্ট্রের নজরদারি, রাষ্ট্রদূতকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের অভ্যন্তরীণ লাখ লাখ ফোনকল গোপনে রেকর্ড করেছে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসএ)। মার্কিন সাবেক গোয়েন্দাকর্মী এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা নথির বরাত দিয়ে এ খবর দিয়েছে ফ্রান্সের দৈনিক লা মঁদ। এ ঘটনায় মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে ফ্রান্স।
এদিকে ফেলিপ কালডেরন মেক্সিকোর প্রেসিডেন্ট থাকাকালে তাঁর সরকারি ই-মেইল অ্যাকাউন্ট এনএসএ হ্যাক করেছিল বলে খবর দিয়েছে জার্মানির সাময়িকী ডের স্পিগল। এ ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যায়িত করে মেক্সিকো যুক্তরাষ্ট্রের নিন্দা জানিয়েছে।
লা মঁদ পত্রিকার অনলাইনে প্রকাশিত খবরে বলা হয়, মার্কিন গোয়েন্দা সংস্থা এনএসএ ফ্রান্সে ২০১২ সালের ১০ ডিসেম্বর থেকে ২০১৩ সালের ৮ জানুয়ারি—এই ৩০ দিনে সাত কোটি ৩০ লাখ ফোনকল রেকর্ড করে। এনএসএ ‘ইউএস-৯৮৫ডি’ সাংকেতিক নামের একটি কর্মসূচির আওতায় ফ্রান্সের নির্দিষ্ট ফোন নম্বরগুলোর কল রেকর্ড ও বার্তা আদান-প্রদান স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ করে।
লা মঁদ-এর প্রতিবেদনে বলা হয়, নতুন এই নথিগুলো দেখে মনে হচ্ছে, এনএসএ কেবল সন্ত্রাসবাদের সঙ্গে সন্দেহভাজন জড়িত ব্যক্তিদেরই লক্ষ্যবস্তু বানায়নি, ব্যবসায়ী, রাজনীতিকসহ বিশ্বের পদস্থ ব্যক্তিরাও তাদের লক্ষ্যবস্তু ছিল।
গোপন ওই নথির ব্যাপারে ফরাসি দৈনিকটির কাছে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। তবে খবর প্রকাশিত হওয়ার পরপরই প্রতিক্রিয়া দেখিয়েছে ফ্রান্স।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লঁরা ফ্যাবিয়াস গতকাল সোমবার জানান, বিষয়টি সম্পর্কে বক্তব্য জানতে তিনি প্যারিসে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছেন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের একটি বৈঠকে যোগ দিতে লুক্সেমবার্গে অবস্থানকালে গতকাল সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি অবিলম্বে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করছি।’
মেক্সিকোর নিন্দা: জার্মান সাপ্তাহিক ডের স্পিগল স্নোডেনের ফাঁস করা একটি নথির বরাত দিয়ে গত রোববার জানায়, ফেলিপ কালডেরন মেক্সিকোর প্রেসিডেন্ট থাকাকালে তাঁর সরকারি ই-মেইল অ্যাকাউন্ট হ্যাক করেছিল এনএসএ। গোয়েন্দা সংস্থাটির ‘টেইলরড অ্যাকসেস অপারেশন’ নামের একটি বিভাগ ২০১০ সালের মে মাসে এক প্রতিবেদনে বলেছিল, তারা মেক্সিকোর তত্কালীন প্রেসিডেন্ট ক্যালডেরনের ই-মেইল অ্যাকাউন্টে ঢুকতে পেরেছে এবং তাঁর দপ্তরটি তথ্য পাওয়ার একটি ‘লোভনীয়’ উেস পরিণত হয়েছে।
খবরটি বের হওয়ার পর মেক্সিকোয় ব্যাপক হইচই শুরু হয়। দেশটির বেশ কয়েকটি গণমাধ্যমে এ নিয়ে খবর প্রকাশিত হয়। এতে মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ঘটনার নিন্দা জানানো হয়।
মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এ ঘটনা অগ্রহণযোগ্য, অবৈধ এবং মেক্সিকোর ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এ খবরের বিষয়ে অবিলম্বে যুক্তরাষ্ট্রের কাছে জানতে চাওয়া হবে বলেও জানিয়েছে মেক্সিকোর কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের বড় ব্যবসায়িক অংশীদারদের একটি হচ্ছে মেক্সিকো। নতুন করে এই অভিযোগ ওঠার পর দেশ দুটির মধ্যে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। এএফপি ও রয়টার্স।