ফ্রান্সের অনেক ধর্মঘটি কাজে যোগ দিয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরাসি সরকারের পেনশন-সংস্কার আইন রদের দাবিতে ধর্মঘট কর্মসূচি পালনকারী শ্রমিক-কর্মচারীদের অনেকে গতকাল শুক্রবার কাজে যোগ দিয়েছেন।এর আগের দিন বৃহস্পতিবার তেল শোধনাগারের শ্রমিকদের ডাকা দেশব্যাপী সমাবেশে আগের কয়েক দিনের তুলনায় অর্ধেক শ্রমিক রাস্তায় নামেন। গত দুই মাসে তা ছিল জাতীয় পর্যায়ে নবম এক দিনের গণবিক্ষোভ।বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের ক্রমহ্রাসমান সংখ্যা দেখে অনেকেই মনে করছেন এ আন্দোলনে ভাটা পড়েছে। তাই গতকাল শ্রমিকদের অনেকেই কাজে যোগ দেন। ফ্রান্সের শীর্ষ জ্বালানি তেল কোম্পানিগুলোর একটি টোটালের অন্তত ছয়টি শোধনাগারে গতকাল আবারও কাজ শুরু হয়।কট্টরপন্থী শ্রমিক ইউনিয়ন সিজিটির ফ্যাব্রিস মোদেস্ত গতকাল বলেন, সকালে এক জরিপে দেখা গেছে, শতকরা ৭৭ ভাগই কাজে যোগ দেওয়ার পক্ষে মত দিয়েছেন।দেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমিক ইউনিয়ন তুলনামূলকভাবে নরমপন্থী সিএফটিডির নেতা মোহাম্মেদ তোইস বলেন, ‘শ্রমিকেরা মনে করেন, তাঁদের আন্দোলন কর্মসূচির মাধ্যমে অন্তত কিছুটা হলেও অর্জন সম্ভব হয়েছে।...আমরা কিছুই হারাইনি। বরং আন্দোলনের মাধ্যমে জনগণের সমর্থন পেয়েছি। আমরা এখনো মনে করি, পেনশন-সংস্কার কার্যক্রমে সরকার ভুল সিদ্ধান্ত নিয়েছে।’ফরাসি পত্রিকা লো পারিতে প্রকাশিত সাম্প্রতিক জনমত জরিপের ফলে দেখা গেছে, শ্রমিক-কর্মচারীদের এই ধর্মঘট-বিক্ষোভ কর্মসূচির প্রতি এখন সমর্থন রয়েছে ৬৫ শতাংশ ফরাসির। সংস্কার বিষয়ে মোটের ওপর জনমত বিভক্ত। প্রেসিডেন্ট নিকোলা সারকোজির সরকারের নেওয়া পেনশন সংস্কার কার্যক্রমে সরকারি কর্মচারীদের অবসর নেওয়ার বয়স ৬০ থেকে বাড়িয়ে ৬২ বছর এবং পূর্ণ অবসরকালীন ভাতা পাওয়া বয়সসীমা ৬৫ থেকে বাড়িয়ে ৬৭ বছর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারি ব্যয় কমিয়ে বাজেট ঘাটতি কমাতে এ পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।ফ্রান্সের পার্লামেন্টের উভয় পক্ষ গত মঙ্গল ও বুধবার এ সংক্রান্ত বিলটির অনুমোদন দিয়েছে। ধারণা করা হচ্ছে, বিলটি আইনে পরিণত করতে আগামী ১৫ নভেম্বরের আগে কিংবা পরে এতে সই করবেন সারকোজি। এতে কিছু ছোটখাটো ছাড় দিয়েছে সরকার। এএফপি।