ফ্রান্সের পার্লামেন্টের দ্বিতীয় দফা নির্বাচনে ওলাঁদের দল বিজয়ী
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সমাজতান্ত্রিক জোট গতকাল রোববার পার্লামেন্টের দ্বিতীয় দফা নির্বাচনেও সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বিজয়ী হয়েছে। এতে করে ওলাঁদের নেতৃত্বাধীন সরকারের পক্ষে ইউরোপীয় ইউনিয়নের প্রণীত বিভিন্ন নীতিমালার বিরুদ্ধে লড়াই করাটা সহজ হলো। গত রোববার অনুষ্ঠিত প্রথম দফা ভোটের ফলাফল থেকে বোঝা গিয়েছিল, দ্বিতীয় দফা ভোটেও ওলাঁদের সমাজতান্ত্রিক ব্লক তার শরিক গ্রিন পার্টির সহযোগিতা ছাড়াই সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে। পার্লামেন্টের ৫৭৭ আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে তাদের ২৮৯ আসন দরকার ছিল। গতকালকের নির্বাচনে তারা ৩২০টি আসনে জয়লাভ করে। গ্রিস পার্টি ২০টি আসনে জয়লাভ করেছে। নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট সারকোজির ইউএমপি পেয়েছে ২২১টি আসন। নিউ সেন্টার পেয়েছে ২৩১টি আসন। গত মে মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ওলাঁদ সারকোজিকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন। এএফপি।