ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে আজ রোববার প্রথম পর্যায়ের ভোট গ্রহণ করা হবে। এর আগে গত শুক্রবার প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হয়। এদিন প্রার্থীরা শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় কাটিয়েছেন।প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারের সংখ্যা চার কোটি ৪৫ লাখ। তবে প্রশান্ত মহাসাগর, ভারত ও আটলান্টিক মহাসাগরে ছড়িয়ে থাকা ফ্রান্সের নিয়ন্ত্রিত ভূখণ্ডে গতকাল শনিবার ভোট গ্রহণ করা হয়। এসব ভূখণ্ডে ভোটারের সংখ্যা আট লাখ ৮২ হাজার।আজকের প্রথম দফার নির্বাচনে ৮৫ হাজার কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। ভোট নেওয়া শুরু হবে স্থানীয় সময় সকাল আটটায়। চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। তবে কোনো কোনো বড় শহরে সন্ধ্যা আটটা পর্যন্ত ভোট নেওয়া হবে।প্রচারণার শেষ দিনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী বর্তমান প্রেসিডেন্ট নিকোলা সারকোজি ও ফ্রাঁসোয়া ওলন্ড শেষ মুহূর্ত পর্যন্ত প্রচারণা চালিয়েছেন। দেশটির নির্বাচনী আইন অনুসারে শুক্রবার রাত ১০টার পর আর কোনো প্রচারণা চালানো হয়নি।২০০৭ সালের নির্বাচনে জয়ী প্রেসিডেন্ট সারকোজি ‘শক্তিশালী ফ্রান্স’ পেতে তাঁকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন। এ সময় নিজ সমর্থকদের ‘সরব’ থাকারও আহ্বান জানান তিনি।সারকোজির প্রধান প্রতিদ্বন্দ্বী সমাজতান্ত্রিক দলের প্রার্থী ওলন্ড শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণার সময় বলেন, ফ্রান্সকে পরিচালনার জন্য বামদেরই বেছে নেবে জনগণ।প্রেসিডেন্ট নির্বাচনে মোট প্রার্থী ১০ জন। যদি কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পান, তাহলে দ্বিতীয় পর্বের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।শুক্রবার ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় নিস শহরে শেষ নির্বাচনী সমাবেশে সারকোজি সমর্থকদের উদ্দেশে বলেন, ‘সরব হোন। নিশ্চুপ হয়ে থাকবেন না। রোববার ভোট দিতে কেন্দ্রে আসুন।’বেকারত্বের কারণে ধুঁকতে থাকা ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শিল্প এলাকায় শেষ প্রচারণা চালিয়েছেন ফ্রাঁসোয়া ওলন্ড। এখানকার শার্লিভেল-মেজিরেস শহরে অনুষ্ঠিত সমাবেশে তিনি বলেছেন, ‘আগের নির্বাচনে এই এলাকার ভোটাররা সারকোজির ওপর আস্থা রেখেছিলেন, এখানে এসে তিনি শিল্পকারখানা, কর্মসংস্থান, কর্মজীবন ইত্যাদি বিষয় নিয়ে কথা বলেছিলেন। তবে এখন সবাই তাঁর বিষয়ে হতাশ।’ তিনি আরও বলেন, ‘এখন সরকার পরিচালনার জন্য বাম দিকে মোড় নেওয়ার সময় হয়েছে।’প্রচারাভিযানে উভয় প্রার্থী অর্থনীতির ওপর গুরুত্ব দিয়েছেন। এ ছাড়া উভয়ে সুষম বাজেটের অঙ্গীকার করলেও প্রবৃদ্ধির ওপর জোর দিয়েছেন ওলন্ড।জনমত জরিপে দেখা গেছে, প্রধান দুই প্রার্থীর জোরালো প্রচারণা সত্ত্বেও প্রথম পর্বের নির্বাচনে সমাজতান্ত্রিক প্রার্থী ওলন্ড এগিয়ে থাকবেন। তাঁর পরপরই থাকবেন সারকোজি। কাজেই চূড়ান্ত ফলাফলের জন্য দ্বিতীয় দফার ভোট গ্রহণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এএফপি।