ফ্রান্সের বৈপ্লবিক চেতনা ছিল সু চির অনুপ্রেরণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের বৈপ্লবিক চেতনা, শিল্প ও সাহিত্য গৃহবন্দী থাকা অবস্থায় মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে অনুপ্রেরণা জুগিয়েছে। ইউরোপ সফরের অংশ হিসেবে প্যারিসে গত মঙ্গলবার ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে সু চি এ কথা বলেন। ফ্রান্স সফর সু চির কাছে কতটা গুরুত্বপূর্ণ—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সু চি বলেন, ‘আমার জীবনে ফ্রান্সের গুরুত্ব কয়েকটি শব্দ দিয়ে ব্যাখ্যা করা কঠিন। আমার রাজনৈতিক সংগ্রামে ফ্রান্সের বৈপ্লবিক চেতনা সব সময় একটি বড় অনুপ্রেরণা ছিল।’ ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেন, মিয়ানমারের গণতান্ত্রিক উত্তরণের পথে ফ্রান্স সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। তিনি বলেন, ‘আমি আশ্বস্ত করছি, মিয়ানমারের গণতান্ত্রিক সংস্কারপ্রক্রিয়া যাতে সম্পন্ন হয়, সেই লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ফ্রান্স সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে।’ তিনি আরও বলেন, মিয়ানমারের সংস্কারবাদী প্রেসিডেন্ট থেইন সেইনকে আতিথেয়তা দিতে ফ্রান্স প্রস্তুত। তিনি চাইলে ফ্রান্স সফর করতে পারেন। দীর্ঘ ১৫ বছর গৃহবন্দী থাকা অবস্থায় ফরাসি ভাষা ও সাহিত্যের শেখায় মগ্ন ছিলেন সু চি। বিখ্যাত ফরাসি কবি ভিক্টর হুগো থেকে শুরু করে ফ্রান্সের পেঁয়াজের স্যুপ—সবকিছুই তাঁকে অনুপ্রাণিত করেছে বলে সাংবাদিকদের জানান তিনি। সু চি তাঁর দেশের ভঙ্গুর অর্থনীতি রক্ষায় সে দেশে বিনিয়োগ করতে ফ্রান্সের প্রতি আহ্বান জানান। তবে তিনি বলেন, এই বিনিয়োগ যেন কোনোভাবেই চলমান রাজনৈতিক সংস্কারের বিনিময়ে না হয়। ভিক্টর হুগোর লা মিজারেবল উপন্যাসে বর্ণিত ১৯ শতকের দরিদ্র জনগণের সংগ্রাম-কাহিনির কথা উল্লেখ করে সু চি বলেন, ‘আমি ভিক্টর হুগোর একজন বড় গুণগ্রাহী। কারণ, তিনি বুঝতে পেরেছিলেন, সত্যিকারের বিপ্লব নিজের ভেতর থেকেই শুরু হয়।’ তিনি বলেন, ‘আমি প্রতিদিনই কিছু না কিছু ফরাসি লেখা পড়তে চেষ্টা করি। তাই ফ্রান্স ও এর চিন্তাধারার সঙ্গে সব সময়ই আমার যোগাযোগ থাকে।’প্রায় দুই দশক গৃহবন্দী থেকে ২০১০ সালের নভেম্বরে মুক্তি পান মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী সু চি। বর্তমানে তিনি ১৭ দিনের ইউরোপ সফরে রয়েছেন। প্যারিস সফরের দ্বিতীয় দিনে গতকাল বুধবার তাঁর ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লঁরা ফ্যাবিয়াসসহ অন্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করার কথা। এদিন তাঁকে প্যারিসের সম্মানসূচক নাগরিকত্ব দেওয়ারও কথা। এএফপি।