ফ্লুর বিস্তারে নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা
যুক্তরাষ্ট্রে ইনফ্লুয়েঞ্জা মহামারি আকারে ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো। এর অংশ হিসেবে শিশুদের টিকা দিতে সেখানকার ফার্মাসিস্টদের আদেশ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ৪৭টি অঙ্গরাজ্যে ইতিমধ্যে ইনফ্লুয়েঞ্জা ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে।চলতি মৌসুমে নিউইয়র্ক অঙ্গরাজ্যে ইনফ্লুয়েঞ্জায় আক্রান্তের সংখ্যা প্রায় ২০ হাজারের মতো, যা গত মৌসুমের চেয়ে চার গুণ বেশি।যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানায়, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে মারা যাওয়া ব্যক্তিদের ৭ দশমিক ৩ শতাংশই নিউমোনিয়া ও ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে মারা গেছে। এক প্রাথমিক সমীক্ষায় দেখা গেছে, এ বছর ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন ৬২ শতাংশ কার্যকর হয়েছে। ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত রোগীদের জ্বর, সর্দি-কাশি, কফ, নাক দিয়ে পানি ঝরা এবং শরীরে ব্যথা হয়। যাদের অবস্থা বেশি আশঙ্কাজনক, তাদের বমি ও পেটের অসুখ দেখা দিতে পারে। চলতি মৌসুমে ফ্লু পরীক্ষা করা হয়েছে—এমন শিশুদের মধ্যে ২০ জন মারা গেছে। তবে এটি প্রকৃত সংখ্যার চেয়ে কম বলে ধারণা করা হচ্ছে। কেননা, সব শিশুর যেমন ফ্লু পরীক্ষা করা হয় না, তেমন ইনফ্লুয়েঞ্জার সব মৃত্যুর খবরও প্রকাশিত হয় না।যুক্তরাষ্ট্রে নিউমোনিয়া ও ইনফ্লুয়েঞ্জার মতো অসুস্থতায় মৃত্যুর সংখ্যা গ্রীষ্মে কম থাকলেও শীতকালে বেড়ে যায়। বিবিসি।