ফ্লোরিডায় জেল পালানো দুই খুনি গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রে হত্যার দায়ে দণ্ডিত দুই জেল পালানো কয়েদিকে আবার গ্রেপ্তার করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওই দুই আসামি আদালতের ভুয়া কাগজ ব্যবহার করে কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন। ওই কাগজে তাঁদের শাস্তির মেয়াদ কমানো হয়েছে বলে দেখানো হয়।
জোসেফ জেনকিনস ও চার্লস ওয়াকার নামের ওই দুই কয়েদির পালানোর ঘটনায় ফ্লোরিডা অঙ্গরাজ্য জুড়ে সতর্কতা জারি করা হয়। তাঁদের ভয়ংকর অপরাধী হিসেবে চিহ্নিত করে জনগণকে সতর্ক করতে ব্যাপক প্রচার চলে। একপর্যায়ে তাঁদের পরিবারের সদস্যরা তাঁদের ধরা দিতে আহ্বান জানান। জেনকিনস ও ওয়াকার দুটি আলাদা কারাগার থেকে পালিয়েছিলেন।
গত শনিবার ফ্লোরিডার আইন প্রয়োগকারী সংস্থার একজন মুখপাত্র বলেন, জেনকিনস ও ওয়াকারকে রাজ্যের পানামা সিটির একটি মোটেল থেকে গ্রেপ্তার করা হয়। তাঁদের ক্যারাবেলে অবস্থিত ফ্রাংকলিন সংশোধনাগারে পাঠানো হয়েছে। সেখানে তাঁরা আগেও কিছুদিন সাজা ভোগ করেছেন। জেনকিনস গত ২৭ সেপ্টেম্বর এবং ওয়াকার ৮ অক্টোবর কর্তৃপক্ষের ভুলের কারণে কারাগার থেকে মুক্তি পান। তাঁদের উভয়ের বয়সই ৩৪ বছর। জেনকিনসকে মুক্তি দেওয়ার কয়েক সপ্তাহ পর ওই নকল কাগজের বিষয়টি কর্তৃপক্ষের নজরে পড়ে। এএফপি ও বিবিসি।