ফ্লোরিডায়ও ওবামা জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ফ্লোরিডা অঙ্গরাজ্যের ভোটেও জয় পেয়েছেন। এতে রিপাবলিকান পার্টির প্রার্থী মিট রমনির সঙ্গে তাঁর জয়ের ব্যবধান আরও বাড়ল।গত মঙ্গলবার অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ৩০৩টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদে বিজয়ী হন বর্তমান প্রেসিডেন্ট ওবামা। মিট রমনি পান ২০৬টি ইলেকটোরাল কলেজ ভোট। তবে ফ্লোরিডার ২৯টি ইলেকটোরাল কলেজ ভোট যোগ হওয়ায় ওবামার পক্ষে মোট ইলেকটোরাল কলেজ ভোট হলো ৩৩২টি।ভোট গণনার জটিলতার জন্য ফ্লোরিডার ফলাফল পেতে চার দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়। গত শনিবার প্রকাশিত অঙ্গরাজ্যের ফলাফলে দেখা গেছে, ভোটারদের প্রয়োগ করা মোট ৮৪ লাখ ৭১ হাজার ৯৫ ভোটের মধ্যে ওবামা পেয়েছেন ৪২ লাখ ৩৬ হাজার ৩২ বা ৫০ শতাংশ ভোট। আর রমনি পেয়েছেন ৪১ লাখ ৬২ হাজার ১৭৪ বা ৪৯ দশমিক ১ শতাংশ ভোট। অর্থাৎ রমনি ওবামার চেয়ে ৭৩ হাজার ৮৫৮ ভোট কম পেয়েছেন।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দোদুল্যমান হিসেবে পরিচিতি পাওয়া অঙ্গরাজ্যগুলোর মধ্যে ফ্লোরিডা ছিল অন্যতম। এ অঙ্গরাজ্যে বিজয়ী হওয়ার মাধ্যমে দোদুল্যমান হিসেবে বিবেচিত আটটি অঙ্গরাজ্যের সব কটিতেই বিজয়ী হলেন বারাক ওবামা।২০০৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ওবামা পেয়েছিলেন ৩৬৫টি ইলেকটোরাল কলেজ ভোট। তাঁর প্রতিপক্ষ রিপাবলিকান জন ম্যাককেইন পেয়েছিলেন ১৭৩টি। বিবিসি।