ফয়সাল শাহজাদ: একজন ‘সংকর সন্ত্র্রাসী’
নিউইয়র্কের টাইমস স্কয়ারে গাড়িবোমা হামলা চালানোর চেষ্টার অভিযোগে আটক পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ফয়সাল শাহজাদকে ‘হাইব্রিড টেররিস্ট’ বা ‘সংকর সন্ত্রাসী’ হিসেবে অভিহিত করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজ-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, সংকর সন্ত্রাসী শাহজাদ এমন একজন সন্ত্রাসী, যিনি যুক্তরাষ্ট্রে একাই কর্মকাণ্ড পরিচালনা করেন, কিন্তু অনুপ্রেরণা পান বাইরের কোনো চরমপন্থী গোষ্ঠী, যেমন—তালেবানের কাছ থেকে।ওই প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করে বলা হয়, যুক্তরাষ্ট্রে হয়তো এ ধরনের আরও সন্ত্রাসী রয়েছে, যারা এ দেশে হামলা চালানোর একটি সুযোগ খুঁজছে। ১ মে টাইমস স্কয়ারে একটি গাড়িবোমা হামলা চালানোর চেষ্টার অভিযোগে পরদিন যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে আটক হন শাহজাদ। মার্কিন কর্মকর্তাদের সন্দেহ, তিনি পাকিস্তান তালেবানের সঙ্গে জড়িত।অসমর্থিত সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়, এক অর্থে শাহজাদ একাই ওই হামলার সব সরঞ্জাম সংগ্রহ ও পরিকল্পনা করেছেন। কিন্তু এটাও পরিষ্কার, তিনি সাহায্য পেয়েছেন। পাকিস্তানের তালেবানের কাছ থেকে তিনি অনুপ্রেরণা, আর্থিক সমর্থন ও বোমা তৈরির প্রশিক্ষণ পেয়েছিলেন। তবে এ ঘটনায় জড়িত সন্দেহে পাকিস্তানে আটক ১৫-২০ জনের সঙ্গে শাহজাদের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ মেলেনি। মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন, টাইমস স্কয়ারে বোমা হামলার চেষ্টা সফল হলে আরও চারটি মার্কিন স্থাপনায় হামলা করার পরিকল্পনা ছিল শাহজাদের। ৩০ বছরের এই মার্কিন নাগরিক দুই সন্তানের জনক। সাম্প্রতিক অর্থনৈতিক মন্দার সময় তাঁর ব্যক্তিগত ও কর্মজীবনের তথ্য উন্মোচিত হয়। দুটি ই-মেইলে তিনি মুসলিম বিশ্বের বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা জানান। মন্দার শিকার হওয়ায় কানেকটিকাট অঙ্গরাজ্যে তাঁর বাড়িটিও হারানোর ঝুঁকিতে রয়েছে। আগামী ৩১ জানুয়ারির মধ্যে বাড়ির বিপরীতে ঋণের অর্থ পরিশোধের সময়সীমা বেঁধে দিয়েছেন আদালত। বর্তমানে শাহজাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো ও ব্যাপকবিধ্বংসী অস্ত্র ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। মামলায় দোষী প্রমাণিত হলে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। টাইমস অব ইন্ডিয়া অনলাইন।