যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ারে ব্যর্থ বোমা হামলার ঘটনায় অভিযুক্ত পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ফয়সাল শাহজাদকে প্যারোল-বিহীন যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ম্যানহাটনের একটি আদালত গতকাল মঙ্গলবার তাঁকে এই দণ্ড দেন।রায় ঘোষণার পর ফয়সাল আদালতকক্ষে দাঁড়িয়ে বলেন, ‘মার্কিনদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ শুরু হয়ে গেছে। এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের পরাজয় অবশ্যম্ভাবী। অচিরেই যুক্তরাষ্ট্র চরমভাবে পরাজিত হবে।’বিচারক মিরিয়াম গোল্ডম্যান সিডারবাম ফয়সালকে জিজ্ঞেস করেন, যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নেওয়ার সময় তিনি যুক্তরাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করে শপথ পাঠ করেছিলেন কি না। জবাবে ফয়সাল বলেন, তিনি শপথ পাঠ করলেও তা অন্তর থেকে বিশ্বাস করেন না।আইনজীবীরা জানিয়েছেন, বোমা হামলার জন্য ফয়সাল টাইমস স্কয়ারকে বেছে নিয়েছিলেন। কেননা, সেখানে অনেক মানুষ চলাচল করে। প্রথম দফায় হামলার চেষ্টা ব্যর্থ হওয়ার পর ধরা না পড়লে তিনি দ্বিতীয় দফায় আবার হামলার চেষ্টা চালাতেন।গত ১ মে টাইমস স্কয়ারে বোমা হামলার চেষ্টা ব্যর্থ হওয়ার দুই দিন পর দেশ ছাড়ার সময় বিমানবন্দর থেকে ফয়সালকে আটক করা হয়। এর আগে গত জুনে ফয়সাল তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে স্বীকার করেন।আদালতে আইনজীবীদের পেশ করা একটি নথিতে বলা হয়েছে, ফয়সাল অনেক ভেবেচিন্তেই হামলার স্থান ও সময় নির্ধারণ করেন। ওয়েব ক্যামেরার মাধ্যমে দিনের কোন সময় কোন স্থানে সবচেয়ে বেশি মানুষ চলাচল করে, তা ঠিক করেন তিনি। যেখানে বেশি মানুষ পায়ে হেঁটে চলাচল করে, তিনি সেখানেই হামলা চালাতে চেয়েছিলেন। সিএনএন।