বংশগত রোগ ঠেকাতে ভ্রূণের সফল সংস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিনগত পরিবর্তন করা ভ্রুণ। ছবি: বিবিসি
জিনগত পরিবর্তন করা ভ্রুণ। ছবি: বিবিসি

বিজ্ঞানীরা প্রথমবারের মতো মানবভ্রূণ থেকে একটি ত্রুটিপূর্ণ ডিএনএ সফলভাবে অপসারণ করেছেন। এই ডিএনএ বংশ পরম্পরায় ভয়ংকর হৃদ্‌রোগ বহন করে। বিজ্ঞানীদের এ সফলতায় বংশ পরম্পরায় সঞ্চারিত হয় এমন ১০ হাজার রোগ প্রতিরোধে সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো। খবর বিবিসির।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানীদের একটি দলকে পাঁচ দিনের জন্য মানবভ্রূণ সংস্কারের পরীক্ষা চালানোর অনুমতি দেওয়া হয়। এই গবেষণাটি ভবিষ্যতে বংশগত রোগ প্রতিরোধ পদ্ধতির ইঙ্গিত দিলেও এর নৈতিক ভিত্তি নিয়ে প্রশ্ন উসকে দিয়েছে।

ডিএনএ সংস্কারের ক্ষেত্রে বিজ্ঞান এখন স্বর্ণযুগের মধ্য দিয়ে যাচ্ছে। আর এ ক্ষেত্রে মূল অবদান রেখেছে নতুন প্রযুক্ত সিআরইএসপিআর (ক্লাস্টার্ড রেগুলারলি ইন্টারস্পেসড শর্ট পালিনড্রমিক রিপিটস)। ২০১৫ সালে বিজ্ঞানের সাময়িকীগুলো এই প্রযুক্তিকে যুগান্তকারী হিসেবে স্বীকৃতি দেয়। ত্রুটিপূর্ণ জিনের কারণে সৃষ্টি হওয়া স্তন ক্যানসার থেকে শুরু করে বংশগত যে কোনো রোগের চিকিৎসায় এই প্রযুক্তির ব্যাপক প্রায়োগিক সম্ভাবনা রয়েছে বলে মানা হয়।

ওরেগন হেলথ অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি এবং দক্ষিণ কোরিয়ার সক ইনস্টিটিউট ও ইনস্টিটিউট ফর বেসিক সায়েন্সের একদল বিজ্ঞানী ভ্রূণ থেকে জিনগত ত্রুটি অপসারণের ক্ষেত্র হাইপারট্রোফিক কার্ডিওপ্যাথিকে গুরুত্ব দেন। প্রতি ৫০০ জনে একজন ব্যক্তি বংশগত রোগ হাইপারট্রোফিক কার্ডিওপ্যাথিতে আক্রান্ত হয়। এই রোগে আক্রান্ত ব্যক্তির হৃৎস্পন্দন হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে। পাশাপাশি আক্রান্ত ব্যক্তির সন্তানদের এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা ৫০ শতাংশ।

বিজ্ঞান বিষয়ক সাময়িকী নেচারে বলা হয়েছে, ওই গবেষণার সময় ডিম্বাণুতে শুক্রাণু নিষিক্ত হওয়ার পরপরই জিনগত ত্রুটি সংশোধন করা হয়। হাইপারট্রোফিক কার্ডিওপ্যাথি ত্রুটিযুক্ত পুরুষের স্পার্ম দান করা একটি ডিম্বাণুতে প্রবেশ করানো হয়। এরপর সেটি সিআরআইএসপিআরে সংশোধন করা হয়। বংশগত ত্রুটি দূর করার ক্ষেত্রে এটা শতভাগ কাজ করে না। তবে ৭২ শতাংশ ক্ষেত্রেই এটি কাজ করে।

গবেষক দলের অন্যতম সদস্য ডা. সুখরাত মিতালিপভ বলেন, ‘সংশোধিত ওই জিন পরবর্তী বংশধরদের মধ্যেও সঞ্চারিত হবে। কারণ আমরা বংশগত ওই ত্রুটিপূর্ণ জিন অপসারণ করতে পেরেছি। এই কৌশল ব্যবহার করলে বংশগত এই রোগের বোঝা পরবর্তী বংশধরদের আর বইতে হবে না। এমনকি মানবজাতিকেই আর বইতে হবে না।’

এর আগে বহুবারই জিনগত ত্রুটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়। ২০১৫ সালে সিআরইএসপিআর প্রযুক্তি ব্যবহার করে চীনের একদল বিজ্ঞানী জিনগত ত্রুটি সংশোধনের চেষ্টা করেন। তবে তারা প্রতিটি কোষ সংশোধন করতে পারেননি। ওই সময়ে সফলতা না আসার পেছনে প্রযুক্তিগত বাধা ছিল। সাম্প্রতিক গবেষণাটিতে এসব বাধা দূর করা হয়েছে।

ফ্রান্সিস ক্রিক ইনস্টিটিউটের প্রফেসর রবিন লভেল-ব্যাজ বলেন, ‘ত্রুটিপূর্ণ জিন থেকে শিশুদের রক্ষা করতে সক্ষম এই পদ্ধতিটি সংশ্লিষ্ট পরিবারগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে সেটা এখনই নয়। আমরা যখন জানতে পারব এটা নিরাপদ, তার আগ পর্যন্ত নীরব থাকতে হবে।’

হাইপারট্রোফিক কার্ডিওপ্যাথি নিয়ে জীবন কাটাচ্ছেন নিকোল মওব্রে। হৃৎস্পন্দন নিয়ন্ত্রণে তাঁর বুকে যন্ত্র বসানো হয়েছে। তিনি জিন সংস্কার করাতে পারবেন কিনা সে বিষয়ে নিশ্চিত নন। তিনি বলেন, ‘আমি চাই না আমার এ রোগ আমার সন্তানের মধ্যে সঞ্চারিত হোক। আমি চাই না আমার সন্তান যন্ত্রণাদায়ক বা সংক্ষিপ্ত জীবন কাটাক। আমি যখনই সন্তান নেওয়ার কথা ভাবি, তখনই এসব বিষয় চিন্তা করি। তবে আমি কৃত্রিমভাবে ‘নিখুঁত’ শিশু তৈরি করতে চাই না। আমি মনে করি, আমার এই পরিস্থিতির কারণেই আমি, আমি।’

ইউনিভার্সিটি অব কেন্টের জেনেটিকসের প্রফেসর ড্যারেন গ্রিফিন বলেন, ‘হয়তো এটা বড় প্রশ্ন এবং সম্ভবত সবচেয়ে বড় বিতর্কের বিষয় এই যে, ভ্রূণের জিনগত পরিবর্তন করা উচিত কিনা।’

ইতিমধ্যেই এ গবেষণার জন্য নিন্দা জানিয়েছেন জিনগত পরিবর্তনের বিরোধিতাকারী সংগঠন হিউম্যান জেনেটিকস অ্যালার্টের ডা. ডেভিড কিং। তিনি এই গবেষণাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে উল্লেখ করেছেন। সেন্ট জর্জ ইউনিভার্সিটি অব লন্ডনের ইয়ালদা জামশিদি বলেন, ‘গবেষণায় প্রথমত ত্রুটিপূর্ণ জিনের কার্যকরী সংশোধনে সফলতা দেখাতে হবে। এটাকে নিরাপদ করতে হবে। আমরা জিনগত রোগের জটিলতা সবেমাত্র বুঝতে শুরু করেছি। জিন সংস্কার তখনই গ্রহণযোগ্য হবে যখন এতে কোনো ঝুঁকি থাকবে না। এটি ব্যক্তি এবং সমাজের জন্য উপকারী হবে।’

ভাষান্তর: কৌশিক আহমেদ