বইটি ফিরল ৬৫ বছর পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৬৫ বছর আগের সেই বই।
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের একটি পাঠাগার থেকে একটি বই পড়ার জন্য নিয়েছিলেন কেউ একজন। পরে তিনি বইটি আর ফেরত দেননি। হয়তো হারিয়ে ফেলেছিলেন। অন্য একজন বইটি পথের ধারে কুড়িয়ে পান। সেটি পাঠাগারে ফেরত দিতে চেয়েছিলেন তিনি। তবে তিনিও ফেরত দিতে ভুলে যান। এভাবে এক, দুই করে কেটে যায় টানা ৬৫ বছর। অবশেষে সাড়ে ছয় দশক পরে এসে পাঠাগারের শেলফে ফিরেছে বইটি।

মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল বিষয়টি নিয়ে গত সোমবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ঘটনাটি ১৯৫৭ সালের, যুক্তরাজ্যের দক্ষিণাঞ্চলের হ্যাম্পশায়ারের পোর্টসমাউথ শহরে। পোর্টসমাউথ পাবলিক লাইব্রেরি থেকে ফরগটেন সাবমেরিন নামের বইটি ধার নেন একজন। এরপর বইটির হদিস ছিল না।

পোর্টসমাউথ সিটি কাউন্সিলের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ওই বছরই জিল ডেভিস নামের একজন বইটির সন্ধান পান। জিলের দাবি, তিনি পোর্টসমাউথ শহরের একটি সড়কে হাঁটতে গিয়ে বইটি পথের ধারে পড়ে থাকতে দেখেছিলেন তিনি। তখনই বইয়ের পেছেন সেখানকার পাঠাগারের ট্যাগ দেখতে পান। এরপর ফেরত দেওয়ার লক্ষ্যে তিনি বইটি বাড়িতে নিয়ে আসেন।

মাঝখানে বছরের পর বছর, দশকের পর দশক পেরিয়েছে। তরুণ জিল ডেভিসের বয়স হয়েছে। সাড়ে ছয় দশকে কয়েকটি বাড়ি বদলে তিনি এখন লন্ডনে থিতু হয়েছেন। কিন্তু বইটির কথা বেমালুম ভুলে গিয়েছিলেন। সম্প্রতি বাড়ির পুরোনো জিনিসপত্র পরিষ্কার করতে গিয়ে নতুন করে বইটির সন্ধান পান জিল। তাঁর মনে পড়ে যায় সাড়ে ছয় দশক আগের ঘটনা।

তবে এবার আর আগের মতো ভুল করতে কিংবা ভুলে যেতে চাননি জিল ডেভিস। পুরো ঘটনা উল্লেখ করে পোর্টসমাউথ সিটি কাউন্সিলে চিঠি লেখেন তিনি। দুঃখপ্রকাশ করে ডাকযোগে বইটি ফেরত দেওয়ার ইচ্ছার কথা জানান। তাঁর ইচ্ছার প্রতি সম্মান দেখায় সিটি কাউন্সিল। অবশেষে জিল ডেভিসের উদ্যোগে দীর্ঘ ৬৫ বছর পর হারানো বইটি পুরোনো জায়গায় ফিরেছে।