বইয়ের ক্রেতাসংকটে সাহিত্যে দুই নোবেল বিজয়ীর দেশ
সুন্দর কারুকার্যখচিত মেঝে, সুনিপুণভাবে তৈরি ঢালাই ছাদ, সামনে সাজানো উদ্যান আর কফি হাউস। আছে জনপ্রিয় সব লেখকের সঙ্গে পাঠকদের সরাসরি কথোপকথনের সুযোগ। সব মিলিয়ে বইয়ের দোকানের চেয়েও যেন বেশি কিছু।দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের প্রধান দুটি বিশ্ববিদ্যালয়ের প্রায় লাগোয়া চার কক্ষবিশিষ্ট এই বইয়ের দোকানটির নাম ‘বোয়েকিহুইস’। এত সব সুযোগ-সুবিধার পরও ঐতিহ্যবাহী এই বইয়ের দোকান আর কদিন পরই বন্ধ হয়ে যেতে পারে। ক্রেতা-সংকটে ভুগছে দোকানটি। বিক্রির জন্য সেলফে থরে থরে সাজিয়ে রাখা বইয়ের ওপর জমছে ধুলার পাহাড়। গুনতে হচ্ছে মোটা অঙ্কের লোকসান। অথচ সাহিত্যে দুই-দুজন নোবেল বিজয়ী—নাদিন গরডিমার এবং জে এম কুতজির জন্ম দিয়েছে এই দেশ। আর সেই দেশেরই জনগণের বই পড়ার অভ্যাস এতটাই কম যে বোয়েকিহুইসের মতো বইয়ের দোকানগুলোও এখন বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ।বোয়েকিহুইসের ব্যবস্থাপক কোরিনা ভ্যান ডের স্পোয়েল বললেন, ‘এটা শুধু একটি বইয়ের দোকানই নয়; বরং একটি বাড়ির মতো আবহ সেখানে। লোকজন এখানে আসে শুধু বই কিনতেই নয়; আসে নতুন আবহ নিতে, একটা সুন্দর সময় কাটাতে।’ এএফপি।