বক্তব্য খাটো করতে বাধ্য হলেন রাহুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাহুল গান্ধী
রাহুল গান্ধী

হতে পারেন তিনি ক্ষমতাসীন দলের বড় নেতা, কিন্তু জনতার আগ্রহ বলে কথা। হয়তো অনেক কিছুই বলার ছিল তাঁর, কিন্তু যখন লোকজন একে একে সমাবেশস্থল ছেড়ে চলে যেতে লাগল, তখন তিনিও বক্তব্য খাটো করতে বাধ্য হলেন।
গতকাল রোববার ভারতের দিল্লিতে এক নির্বাচনী সমাবেশে ক্ষমতাসীন জোটের প্রধান দল কংগ্রেসের আলোচিত নেতা রাহুল গান্ধী ভাষণ দেওয়ার সময় এ ঘটনা ঘটে।
আজ সোমবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনে প্রকাশিত খবরে জানানো হয়, দিল্লির দক্ষিণপুরী কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি বলে পরিচিত। গতকাল সেখানে কংগ্রেসের নির্বাচনী জনসভায় দির্িল্লর মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিতের সাফল্যের কথা তুলে ধরতে যান রাহুল। লক্ষ্য একটাই—শিলাকে স্বপদে বহাল রাখা। শিলার উন্নয়নের গুণগান গেয়ে রাহুল যেই প্রধান বিরোধী দল বিজেপিকে তুলাধুনা করছিলেন, এ সময় লোকজন সমাবেশ ছেড়ে চলে যেতে শুরু করে। এতে প্রধান অতিথি রাহুল মাত্র সাত মিনিটেই তাঁর বক্তব্য শেষ করেন। দিল্লির মুখ্যমন্ত্রী অনুনয়-বিনয় করেও বিমুখ লোকজনকে ফেরাতে পারেননি।
খবরে বলা হয়, কংগ্রেসের এ জনসভায় কাঙ্ক্ষিত লোকসমাগম ঘটাতে ব্যর্থ হয়েছেন আয়োজকেরা। একই সঙ্গে পরিস্থিতিটা রাহুলের অনুকূলে ছিল না। নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর সভাস্থলে পৌঁছান তিনি।